রাবির ভাষা বিভাগের সভাপতির পদত্যাগ

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ১৯:০২
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভাষা বিভাগের সভাপতির পদ থেকে অধ্যাপক বিথীকা বণিক পদত্যাগ করেছেন। নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন বিভাগের সহযোগী অধ্যাপক রেজাউল করিম।  
বিভাগ সূত্রগুলো বলছে, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগে নিয়মিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ভাষা বিভাগে নেয়া হচ্ছিল না। বিভাগীয় শিক্ষকরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিলেও সভাপতির কারণে নেয়া যাচ্ছিল না। গত ২১ ও ২২ মার্চ বিভাগীয় একাডেমিক কমিটির সভায় পরীক্ষার বিষয়টি উপস্থাপিত হলেও কোনো সিদ্ধান্ত হয় নি। এরপর গত ২৩ মার্চ পুনরায় সভা আহ্বান করা হলে তা ব্যর্থ হয়।
সূত্র মতে, পরীক্ষা দিতে আগ্রহী শিক্ষার্থীরা গত ২১ মার্চ বিভাগীয় সভাপতির অফিসের সামনে বিক্ষোভ করেন। এ নিয়ে আলোচনার জন্য সভাপতি (বিথীকা বণিক) উপাচার্য দপ্তরে গিয়ে নিজ বিভাগের সকল শিক্ষককে উপাচার্যের সঙ্গে মিটিংরত অবস্থায় দেখতে পান। 
অধ্যাপক বিথীকা বণিক জানান, ‘পরীক্ষা সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়টি বিভাগীয় সভাপতির নয়, বিভাগীয় একাডেমিক কমিটির। কিন্তু পরীক্ষার ব্যাপারে তাকে এককভাবে অভিযুক্ত করে কয়েকজন শিক্ষার্থীর বিক্ষোভ এবং বিভাগীয় সকল শিক্ষকের উপাচার্যের সঙ্গে তার দপ্তরে সভায় মিলিত হওয়া অনাস্থা-অসহযোগিতার সামিল। তাই গত ২৫ মার্চ উপাচার্যের দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়েছি।’ 
চারুকলা ছাত্রফ্রন্টের কমিটি 
তৃতীয় বর্ষের শিক্ষার্থী আসমাউল হোসেন মিলনকে আহ্বায়ক ও প্রথম বর্ষের শিক্ষার্থী মনু মোহন বাপ্পাকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট রাবির চারুকলা অনুষদের সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের নতুন কমিটি গঠন করা হয়েছে। 
সোমবার দুপুর ১২টায় চারুকলা অনুষদের পলাশ চত্বরে অনুষ্ঠিত এক বৈঠকে এই কমিটি ঘোষণা করা হয়।  কমিটির সদস্যরা হলেন, তাসনুভা রসিদ অন্তরা, চিন্ময়ী পাল রুমা ও শাকিলা খাতুন। বৈঠকে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের রাবি শাখার সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুজন ও রিফাত আরা সালমা প্রমুখ উপস্থিত ছিলেন।