সংসদে শিক্ষামন্ত্রী

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ কার্যক্রম বন্ধে সরকার বদ্ধপরিকর

আপডেট : ৩০ মার্চ ২০১৫, ২১:১২
 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কোনো অবৈধ কার্যক্রম বন্ধে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ ক্যাম্পাস/শাখা বন্ধে কিছু পদক্ষেপও গ্রহণ করা হয়েছে।
 
 সোমবার বিকেলে জাতীয় সংসদে এম আবদুল লতিফের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য দেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবৈধ কার্যক্রম বন্ধে সরকার বদ্ধপরিকর। ইতোমধ্যে কিছু বিশ্ববিদ্যালয়ের অবৈধ ক্যাম্পাস বন্ধ করা হয়েছে। চট্টগ্রামে ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অবৈধ ক্যাম্পাসে তাদের কার্যক্রম পরিচালনা করছিল। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে দুটি বিশ্ববিদ্যালয় আদালতের স্থগিতাদেশ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। মামলা নিষ্পত্তি হলেই সরকার পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
 
মো. ইসরাফিল আলমের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, বসরকারি বিশ্ববিদ্যালয় আইন ২০১০ এর ধারা ১৩ অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কোন ক্যাম্পাস বা শাখার অনুমোদন দেয়ার কোন সুযোগ নেই। 
 
মন্ত্রী একই প্রশ্নের জবাবে আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ব্যয় হ্রাসের জন্য ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’-তে দেশের আর্থ-সামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ফি কাঠামো তৈরির নির্দেশনা দেওয়া আছে। শিক্ষার্থীদের বেতন হ্রাসের লক্ষে সরকার প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের জন্য পরামর্শ দিয়েছে। আশা করা যায় স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার পর বিশ্ববিদ্যালয় পরিচালনা ব্যয় কমে যাবে, ফলে শিক্ষার্থী বেতন কমানো সহজ হবে।
 
সংসদ সদস্য বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আলিমা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী করে মূল ধারার শিক্ষা ব্যবস্থার সাথে সামঞ্জ্যস্যপূর্ণ করার লক্ষে কার্যক্রম গ্রহণ করা হয়েছে।