মঞ্চস্থ হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘সে’। সোমবার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকের দল পদাতিক-বাংলাদেশ নাটকটি মঞ্চায়ন করে। এটি ছিল নাটকটির দ্বাদশ মঞ্চায়ন। এর নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন দেবাশিষ ঘোষ।
নির্দেশনা ও আলোক পরিকল্পনায় ছিলেন নাসিরুল হক খোকন ও মঞ্চ পরিকল্পনায় সেলিম শামসুল হুদা চৌধুরী। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩৭ সালে ৭৬ বছর বয়সে রচনা করেন ‘সে’ গল্পটি । এই রচনায় রয়েছে ছোট ছোট ১৫টি গল্পের মালা।
রবীন্দ্রনাথের অন্যান্য গল্প থেকে এই গল্পগুলো একেবারেই আলাদা, বলা যেতে পারে খেয়াল রসের লেখা বা এবসার্ড ধরনের গল্প। সেখান থেকে ৬টি গল্প অবলম্বনে দেবাশিষ ঘোষ নাট্যরূপ এবং নির্দেশনা দিয়েছেন। নাটকে বাস্তবতার পাশাপাশি ফ্যান্টাসির আদলে ঘটনাকে উপস্থাপন করা হয়েছে।
ছোটদের উপযোগী করে নির্মিত এ নাটকে বড়দের ভাবনা ও শেখার অনেক কিছু রয়েছে। এই গল্পের জন্য রবীন্দ্রনাথ প্রচুর ছবি এঁকেছেন বলেও জানা যায়। ছবিগুলোতে গল্পের চরিত্রদের হুবহু অঙ্কনের প্রয়াস রয়েছে। প্রযোজনায় সেই ছবিগুলো থেকে কিছু ছবিও উপস্থাপন করা হয়েছে। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মরিয়ম হোসেন কলি, কামাল, মিজান প্রমুখ।
