রোবট সার্জন তৈরি করবে গুগল ও জনসন অ্যান্ড জনসন

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ১১:৪৮
 
স্বাস্থ্য খাত নিয়ে সাম্প্রতিক সময়ে মনোযোগী হয়ে উঠতে শুরু করেছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। বিশেষ করে স্বাস্থ্য খাতের জন্য নতুন নতুন প্রযুক্তির ব্যবহার অনেক বেশি কার্যকর হয়ে উঠতে পারে বলেই এসব প্রতিষ্ঠান এখন স্বাস্থ্য খাতের জন্য নানা ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। এর ধারাবাহিকতায় এবারে সার্চ জায়ান্ট গুগলও স্বাস্থ্য খাতে তাদের নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছে। এই ঘোষণা অনুযায়ী যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের সাথে গুগল তৈরি করবে রোবট সার্জন যেগুলো অপারেশন থিয়েটারে মেডিকেল সার্জনদের বিভিন্ন কাজে সহযোগিতা করবে। শুধু তাই নয়, রোবটিক্সের এই নতুন প্রযুক্তি রোগীদের বিভিন্ন ধরনের ট্রমা এবং অপারেশনের পরবর্তী সময়ে সেরে ওঠার ক্ষেত্রেও সহায়তা করবে। অপারেশন থিয়েটারের কাজগুলোকে আরও নিখুঁতভাবে সম্পন্ন করার পাশাপাশি একে ব্যয়সাশ্রয়ী করে তোলা এবং রোগীদের জন্য আরও বেশি কার্যকরী ফলাফল নিয়ে আসার লক্ষ্য নিয়েই এই রোবট সার্জন তৈরির উদ্যোগ নিয়েছে গুগল এবং জনসন অ্যান্ড জনসন। এর জন্য মূলত জনসন অ্যান্ড জনসনের অধীনস্ত এথিকন কোম্পানির সাথে কাজ করবে গুগল। নতুন এই উদ্যোগ প্রসঙ্গে জনসন অ্যান্ড জনসনের গ্লোবাল সার্জারি বিভাগের বৈশ্বিক চেয়ারম্যান গ্যারি প্রুডেন বলেন, ‘৬০ বছরেরও বেশি সময় ধরে সার্জারির কাজে বৈপ্লবিক পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে এথিকন। গুগলের সাথে এই চুক্তি সার্জিক্যাল কাজে উন্নততর সেবা প্রদানে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নেরই আরেকটি ধাপ। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির সর্বোচ্চটিই আমরা এই উদ্যোগে প্রদান করব।