বাগেরহাটে ৫২ জেলের জেল-জরিমানা

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ১৩:২২


নদী থেকে 'আহরণ নিষিদ্ধ' পারশে মাছের পোনা সংগ্রহের অভিযোগে লিটন জোয়ার্দার (২৭) নামে জেলেকে তিন মাসের কারাদণ্ড এবং ৫১ জন জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত পৌনে ১২টার দিকে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আব্দুল হালিম এই আদেশ দেন।
লিটন জোয়ার্দার খুলনার পাইকগাছা উপজেলার গড়ইখালী গ্রামের সিরাজুল জোয়ার্দারের ছেলে। জরিমানা হওয়া জেলেদের বাড়ি খুলনার পাইকগাছা উপজেলার বিভিন্ন গ্রামে।
এর আগে সোমবার সন্ধ্যায় মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীতে পোনা সংগ্রহের সময় এক হাজার কেজি পারশে মাছের পোনা, পাঁচটি ট্রলার, সাড়ে চার হাজার মিটার কারেন্টজালসহ ৫৩ জেলেকে আটক করে কোস্টগার্ড। পরে তারা পোনা, ট্রলার ও জালসহ তাদের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করে।
মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আব্দুল হালিম সকালে এই প্রতিবেদককে বলেন, নদীতে আহরণ নিষিদ্ধ মাছের পোনা সংগ্রহের অভিযোগে কোস্টগার্ডের হাতে আটক মোট ৫৩ জেলের মধ্যে ৫১ জনকে এক হাজার টাকা করে জরিমানা একজনকে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে এবং একজন শিশু হওয়ায় তাঁকে কোন সাজা দেয়া হয়নি। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩ (ঙ) ধারায় ওই অর্থদণ্ড ও জরিমানা করা হয়।