কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে দায় বিএনপির: শিক্ষামন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ১৩:৩৬
 
এইচএসসি ও সমমানের পরীক্ষা চলাকালে নাশকতায় কোনো পরীক্ষার্থীর ক্ষতি হলে তার দায় বিএনপি জোটকে নিতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, আমি স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই- দেশের যে কোনো স্থানে আমাদের একজন পরীক্ষার্থীরও যদি কোনো ক্ষতি হয়, তার দায়দায়িত্ব আপনাদেরকেই বহন করতে হবে। মানুষ আপনাদের ক্ষমা করবে না।
শিক্ষামন্ত্রী বলেন, সংকটের মধ্যে এসএসসি পরীক্ষা শেষ হতে না হতেই এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। জাতির দুর্ভাগ্য যে, একটি রাজনৈতিক জোটের বিবেকবর্জিত অব্যাহত হরতাল-অবরোধের কারণে এসএসসির রুটিন অনুযায়ী একটি পরীক্ষাও নেওয়া সম্ভব হয়নি।
তিনি বলেন, পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, মতামত ও পরামর্শের প্রতি সম্মান দেখিয়ে আমরা যে কোনো পরিস্থিতিতে রুটিনমাফিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এর কোনো ব্যত্যয় হবে না। পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সর্বাত্মক নজরদারি থাকবে বলেও আশ্বস্ত করেছেন শিক্ষামন্ত্রী।
পরীক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গিসম্পন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য, সাধারণ জনগণ তোমাদের পাশে আছে। তোমরা নিশ্চিন্ত মনে পরীক্ষা দেবে।
প্রশ্ন ফাঁসের গুজবে শিক্ষার্থী-অভিভাবকদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে পরীক্ষার্থীদের মন দিয়ে লেখাপড়া করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।
বুধবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা শেষ হবে ১১ জুন। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হবে ২২ জুন।