অস্ট্রেলিয়া বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও তাদের কাছে ফাইনালে পরাস্ত নিউজিল্যান্ডের পাঁচ ক্রিকেটার ঠাঁই পেয়েছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাদশে। তাও আবার এ দলটির অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে ব্ল্যাক ক্যাপস অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে।
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার আছেন তিনজন খেলোয়াড়। গেলবারের চ্যাম্পিয়ন ভারতের কারোরই জায়গা হয়নি এই দলে। দক্ষিণ এশিয়া থেকে কেবল শ্রীলঙ্কার কুমারা সাঙ্গাকারাই ঠাঁই পান একাদশটিতে। আইসিসি জানায়, তাদের জেনারেল ম্যানেজার ক্রিকেট জিওফ অলড্রিসের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি প্যানেল দলটি বেছে নেয়।
ম্যাককালামকে বেছে নেয়া প্রসঙ্গে আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘৪৪ দিনের টুর্নামেন্টে আক্রমণাত্মক, উদ্ভাবনী এবং অনুপ্রেরণাদায়ীর নেতৃত্বের কারণেই ম্যাককালামকে অধিনায়ক হিসেবে বেছে নেয়া হয়েছে। তার সুযোগ্য নেতৃত্বের কারণেই নিউজিল্যান্ড প্রথমবারের মতো বিশ্ব আসরের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।’
শুধু দলকে নেতৃত্ব দেয়াই নয়, ব্যাট হাতে নয় ম্যাচে চারটি হাফ সেঞ্চুরিসহ ১৮৮.৫০ গড়ে ম্যাককালাম ৩২৮ রান করেছেন। বিশ্ব একাদশে থাকা তার অপর সতীর্থরা হলেন- কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, মার্টিন গাপটিল ও ড্যানিয়েল ভেট্টরি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে আছেন গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ এবং মিচেল স্টার্ক।
আইসিসির নির্বাচক প্যানেল জানিয়েছে- বাংলাদেশ ও আফগানিস্তানের দুই ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ ও শাইমান আনোয়ার, ভারত ও পাকিস্তানের ফাস্ট বোলার উমেশ যাদব, মোহাম্মাদ শামী, ওয়াহাব রিয়াজ এবং দক্ষিণ আফ্রিকা ও ভারতের দুই স্পিনার ইমরান তাহির ও রবিচন্দ্রন আশ্বীন অল্পের জন্য সেরা একাদশে জায়গা পাননি।
এ সম্পর্কে অলড্রিচ বলেছেন, ১২ জনের সেরা একাদশ বাছাই করা প্যানেলের জন্য অত্যন্ত কঠিন একটি কাজ ছিল। প্রতিটি দলেই বেশ কয়েকজন খেলোয়াড় এবারের টুর্নামেন্টে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। দুইটি ডাবল সেঞ্চুরি, ৩৮টি সেঞ্চুরি, দুইটি হ্যাটট্রিক এবং ২৮ বার চার উইকেট শিকারের এই টুর্নামেন্টে এমন অনেক ঘটনাই ছিল যেগুলোকে সহজেই বিশ্ব একাদশের দল নির্বাচনে আমলে নেয়া যায়। তবে অলড্রিচের মতে- তারা মূলত একটি দলের পারফরমেন্সের দিকে বিশেষ নজর দিয়েছিল যারা পুরোটাই ব্যালেন্সড দল এবং নিজেদের দিনে তারা যেকোন দলকে হারাতে প্রস্তুত ছিল।
আইসিসি বিশ্ব
একাদশ:
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড), ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড-অধিনায়ক), কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), কোরি অ্যান্ডারসন (নিউজিল্যান্ড), ড্যানিয়েল ভেট্টরি (নিউজিল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), মরনে মরকেল (দক্ষিণ আফ্রিকা), ব্রেন্ডন টেইলর (জিম্বাবুয়ে-দ্বাদশ ব্যক্তি)।
-বাসস
