বাবরি মসজিদ মামলায় আদবানিকে সুপ্রিম কোর্টের নোটিশ

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ১৯:১৭
 
বাবরি মসজিদ ধ্বংস মামলায় বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানি-সহ ২১ জনকে নোটিশ পাঠিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। হাজি মেহমুদের দাখিল করা পিটিশন মামলার মঙ্গলবারের শুনানির পর দেশটির শীর্ষ আদালত লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশি, উমা ভারতী, কল্যাণ সিং এবং বিশ্ব হিন্দু পরিষদের আরো ১৭জন নেতাকে নোটিশ পাঠিয়েছে।
একমাস পরে পরবর্তী শুনানির ধার্য হবে বলে আদালত সূত্রে জানানো হয়েছে। ভারতের সুন্নি ওয়াকফ বোর্ডের সদস্য হাজি মেহমুদ শীর্ষ আদালতে আবেদন জানিয়ে বলেছিলেন, আদবানি, রাজনাথ সিং, কল্যাণ সিং, মুরলী মনোহর যোশী তাঁদের সামাজিক এবং রাজনৈতিক প্রতিপত্তি খাটিয়ে মামলাকে প্রভাবিত করার চেষ্টা করছেন।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পরে যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, তাতে মামলাকারী মেহমুদের বাড়িও পুড়ে গিয়েছিল। তারপর দীর্ঘদিন মেহমুদ সপরিবারে নিঃস্ব অবস্থায়, প্রাণভয়ে দিন কাটিয়েছেন। বাবরি মসজিদ মামলার শেষ শুনানিটি হয়েছিল ২০১১ সালের ৩ মার্চ। তারপর আবার শুনানি হল মঙ্গলবার। সূত্র: কলকাতা ২৪/৭