সামান্য বৃষ্টিতে গলে গেলো দেড় কোটি টাকার লবণ

আপডেট : ৩১ মার্চ ২০১৫, ২৩:৩৬
কক্সবাজারের টেকনাফে সামন্য বৃষ্টিতে গলে গেছে প্রায় দুই কোটি টাকার লবণ। এতে বিপাকে পড়েছেন স্থানীয় চাষী ও মালিকেরা।
মঙ্গলবার সন্ধ্যায় সামন্য বৃষ্টিতে টেকনাফের বিভিন্ন এলাকার মাঠের লবণ ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে উপজেলায় লবণের ভালো ফলন হলেও টানা অবরোধ ও হরতালের কারণে মাঠে খোলা আকাশের নিচে রাখা ছিল উৎপাদিত লবণ। হঠাৎ করে  ১০-১৫ মিনিটের বৃষ্টিতে এ ঘটনা ঘটে। 
সাবরাং এর লবণচাষী মো. দেলোয়ার জানান, মৌসুমের প্রথম দিকে প্রতি মণ লবণের দাম ছিল ১২০-১৪০ টাকা। অবরোধ ও হরতালের কারণে ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় প্রতি মণ লবণের দাম কমে ৬০-৭০ টাকা বিক্রি হওয়ায় উৎপাদিত লবণ মাঠের খোলা অবস্থায় মজুত রাখা হয়েছিল। কিন্তু বৃষ্টির পানিতে এ লবণ মাঠে পানি হয়ে গলে গেল।
টেকনাফ উপজেলা লবণচাষী কল্যাণ সমিতির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. শফিক মিয়া বলেন, মাঠে উৎপাদিত প্রায় আড়াই লাখ মণ লবণ বৃষ্টির পানিতে গলে গেছে। যার বাজারমূল্য দেড় কোটি টাকা। এই লবণ আবার উপযোগী হতে ২০দিনের মত  সময় লাগবে চাষীদের। 
টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবদুল লতিফ বলেন, হঠাৎ সামন্য বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকায় মাঠে উৎপাদিত লবণ পানিতে গলে গেছে। ওই সময় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও প্রায় দেড় কোটি টাকার মতো ক্ষতি হবে চাষীদের দাবি।