গাজীপুরের কাপাসিয়া উপজেলার পাবুর এলাকায় নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত সোমবার রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতরা হল: পাবুর গ্রামের মৃত মিয়ার উদ্দিনের স্ত্রী সূর্যি বেগম ও তার মেয়ে মাবিয়া বেগম। মাদকসেবীরা টাকার জন্য এ নৃশংস ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, ওই দিন রাতে খাবার খেয়ে মা-মেয়ে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা গভীর রাতে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে হত্যা করে। এসময় তারা ঘর থেকে তালা ভেঙ্গে ৪-৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সকালে বাড়ির লোকজন ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে তাদের রক্তাক্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ সকালে নিহতদের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ পিপিএম, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ, সদর ইউপি চেয়ারম্যান আজগর হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
