সীমান্তে হত্যা অবশ্যই বন্ধ হবে: ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ০১:১৭

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সীমান্তে গুলিতে নিরীহ মানুষ হত্যা অবশ্যই বন্ধ হবে। সীমান্তে চোরাকারবারি থামানোর চেষ্টা চলছে। এসব থামানো গেলে সীমান্তে হত্যা বন্ধ হয়ে যাবে। এটি সময়ের ব্যাপার মাত্র। গতকাল মঙ্গলবার দুপুরে লালমনিরহাট জেলার পাটগ্রামে তিনবিঘা করিডোর পরিদর্শন শেষে বাংলাদেশের পানবাড়ি বিজিবি ক্যাম্প পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ছিটমহল বিনিময় চুক্তি দীর্ঘদিনের দাবি। এটি বাস্তবায়নের প্রক্রিয়া চলমান রয়েছে। ছিটমহল বিনিময়ের ক্ষেত্রে সুবিধা-অসুবিধাগুলো খতিয়ে দেখার জন্য এসেছি। আমি নিশ্চত আমরা সফল হব। এটি বাস্তবে রূপ নেবে।

পানবাড়ি বিজিবি ক্যাম্পে পৌঁছলে বিজিবি রংপুর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ আলম ও রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল জুলফিকার আলী ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে ফুল দিয়ে স্বাগত জানান। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। বিজিবি জোয়ানদের সঙ্গে কুশল বিনিময় করে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন ভারতীয় শিলিগুড়ি   বিজেপির সাংসদ আলা ওয়ালিয়া, বিএসএফ মহাপরিচালক নীতিশ কুমার ঝাঁসহ ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্মকর্তারা।