গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ থেকে পরবর্তীতে হার্ট ও কিডনি সমস্যার ঝুঁকি অত্যন্ত বেশি। কানাডিয়ান মেডিক্যাল এসোসিয়েশন জার্নালে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞগণ উল্লেখ করেছেন গর্ভাবস্থায় শতকরা ৫ থেকে ১০ ভাগ মহিলাগণ উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আক্রান্ত হন। এ সময় গর্ভবতী মহিলার রক্তচাপ ১৪০/৯০ মিমি: অব মারকারির চেয়ে বেড়ে যায়। এই অবস্থাকে বলা হয় প্রি-একলামশিয়া। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রি-একলামশিয়া বা একলামশিয়া পৃথিবীতে মাতৃমৃত্যুর অন্যতম প্রধান কারণ। প্রি-একলামশিয়ার লক্ষণ হচ্ছে ইউরিনে প্রোটিন নির্গত হওয়া এবং উচ্চ রক্তচাপ।
তাইওয়ানে পরিচালিত গবেষণায় বিশেষজ্ঞগণ দেখেছেন গর্ভাবস্থায় যাদের উচ্চ রক্তচাপ ছিল তাদের শতকরা ১২ দশমিক ৪ ভাগের কিডনির সমস্যা বা কিডনি অকেজো হয়েছে স্বাভাবিকের চেয়ে বেশি। তাই গর্ভাবস্থায় কোন ভাবেই উচ্চ রক্তচাপ অবহেলা করা উচিত নয়। এন্টিনেটাল চেকআপ-এর সময় বা সন্তান আগমনের পর থেকে যে সব স্বাভাবিক চেকআপ করা হয় তখন অবশ্যই রুটিন পরীক্ষার পাশাপাশি ইউরিন, উচ্চ রক্তচাপ নিয়মিত পরীক্ষা করা উচিত। গর্ভকালীন প্রাথমিক অবস্থায় উচ্চ রক্তচাপ সনাক্ত হলে এবং যথাযথ চিকিত্সা নেয়া গেলে একদিকে মা ও সন্তানের জীবনে যেমন ঝুঁকি কমানো যায় তেমনি পরবর্তীতে কিডনি ও হূদরোগ সমস্যা খানিকটা হলেও রোধ করা যায়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
