তালায় 'বন্দুকযুদ্ধে' গুলিবিদ্ধ ১

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১০:৩২


সাতক্ষীরার তালায় পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' আতিয়ার মোড়ল (৩৫) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ইসলামকাটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
আতিয়ার মোড়ল উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আফছার উদ্দিনের ছেলে।
পুলিশের দাবি, তিনি একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য।
তালা থানার ওসি মো. রেজাউল ইসলাম জানান, উপজেলার ইসলামকাটি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। এতে ডাকাতরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আতিয়ারকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি সার্টারগান, দুই রাউন্ড গুলি ও দুইটি ছোরা উদ্ধার করা হয়। আটক ডাকাত আতিয়ারের বিরুদ্ধে তালা, পাটকেলঘাটা, ডুমুরিয়া, কেশবপুরসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ৮টি মামলা রয়েছে।