মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়ালগ্রামের বিএনপি নেতা ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি হাসেন আলীকে (৩৫) কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে চরগোয়ালগ্রামের কামারদাড়া মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। হাসের আলী চরগোয়ালগ্রামের গ্রাম বিএনপি নেতা সাদিমান হোসেনের ছেলে।
হাসের আলীর পিতা সাদিমান হোসেন জানান, কামারদাড়া মাঠে নিজ জমিতে সার দিতে যাচ্ছিল হাসের আলী। মাঠের মধ্যে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হাসের আলীকে প্রথমে কুপিয়ে ও পরে গলা কেটে হত্যা করে ফেলে রেখে যায়।
বামুন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সুশান্ত কুমার পাল জানান, নিহতের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জানান, হোসেন আলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি।
স্থানীয়রা জানান, নিহত হোসেন আলী চরগোয়াল গ্রামের আওয়ামী লীগ নেতা আতাহার আলী ও হ্যাবল মিয়া হত্যার মামলা আসামি। তিনি এসব হত্যা মামলায় জামিনে রয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাস হোসেন জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। নিহতের মৃত দেহ উদ্ধারের প্রস্তুতি চলছে।
