ইয়েমেন থেকে বাংলাদেশিদের ফেরাত আনার উদ্যোগ

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ২০:৩৩



ইয়েমেনে গৃহযুদ্ধের মধ্যে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনর উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক এই তথ্য জানান।
তিনি বলেন, এ বিষয়ে এরইমধ্যে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও ভারতের সঙ্গে আলোচনা শুরু করেছে সরকার।
পররাষ্ট্র সচিব জানান, যুদ্ধ শুরুর আগে ইয়েমেনে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি ছিলেন বলে সরকারের হাতে তথ্য রয়েছে। এই বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই এডেন এলাকায় রয়েছে। এখনো ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে থাকা ঐ এলাকা ‘তুলনামূলকভাবে নিরাপদ এলাকা’ হিসাবে বিবেচনা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ইয়েমেনে আমাদের কোনো মিশন নেই। কুয়েত হাই কমিশন থেকেই ইয়েমেনের দায়িত্ব দেওয়া আছে। কিন্তু দুই দেশের মধ্যে দূরত্ব অনেক বেশি। আমরা ইয়েমেনে আমাদের কর্মকর্তাদের পাঠানোর চেষ্টা করেছি। কিন্তু এই পরিস্থিতিতে সেখানে যাওয়ার একমাত্র উপায় হলো সমুদ্রপথ। আমরা আশা করছি, আমরা লোক পাঠাতে পারব।
সচিব জানান, ভারত নীতিগতভাবে রাজি হয়েছে। তারা বলেছে, নিজেদের সব নাগরিককে ফিরিয়ে আনার পর এবং আটকা পড়া বাংলাদেশিরা সনাক্ত হয়ে গেলে ভারত সহযোগিতা করতে পারে।
মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে গত কয়েক মাস ধরে অস্থিরতা চলছে। সম্প্রতি সেদেশের হুতি বিদ্রোহীরা রাজধানীর নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ অবস্থায় বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেখান থেকে ফিরতে পারছেন না বাংলাদেশিরা। ইয়েমেনে বাংলাদেশের দূতাবাস না থাকায় তারা কোনো সহায়তাও পাচ্ছেন না।