কলাগাছ ঘিরে লালসালু!

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ১৬:০৯
মুন্সীগঞ্জ সদর উপজেলায় রমজানবেগ গুচ্ছ গ্রামে এক কৃষকের বসত-ভিটায় ৩৮ টি থোর ধরা সেই কলা গাছ ঘিরে এখন শোভা পাচ্ছে লাল সালু। কতিপয় লোক অলৌকিকতার দোহাই দিয়ে ওই কলা গাছ ঘিরে ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছেন বলে  ‍কানাগুসা চলছে।
সেখানকার কৃষক মো. শাহাবুদ্দিনের বসত-ভিটায় রোপন করা কলা গাছে একসঙ্গে ৩৮ টি থোর ধরেছে। সরেজমিনে দেখা গেছে-ওই কলা গাছ ঘিরে লাল সালু পেতে ব্যবসা শুরু হয়েছে। রোগ-বালাই থেকে মুক্তি পেতে অসংখ্য নারী-পুরুষ কলা গাছের নিচে মোমবাতি ও আগরবাতি দিচ্ছে।
অলৌকিক কলা গাছের সন্ধান পাওয়ার ধূয়া তুলে প্রবঞ্চকরা কলা গাছ ঘিরে লাল সালু পেতেছে বলে দাবি করেন কৃষক শাহাবুদ্দিন।
তিনি জানান, এখন অনেকের মাঝেই বিশ্বাস জন্মেছে যে, এই কলা গাছে টাকা-পয়সা ও মোমবাতি-আগরবাতি দিলে রোগ-বালাই থেকে মুক্তি মিলবে। কেবল বিশ্বাসের ওপর ভর করে কৃষকের বাড়ির কলা গাছ ঘিরে অসংখ্য মানুষের সমাগম ঘটছে। দূর-দূরান্ত থেকে ছুটে আসা এসব মানুষের কাছ থেকে দান খয়রাতের নামে অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে।