পৌরসভায় এলাকাবাসীর হামলায় কাউন্সিলরসহ আহত ৫

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ২০:০৩
হবিগঞ্জ শহরে ড্রেনের ময়লা আবর্জনা পরিস্কার না করার অভিযোগে পৌরসভায় বুধবার হামলা ভাংচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় কাউন্সিলরসহ অন্তত ৫ জন আহত হন।
 
এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন ভারপ্রাপ্ত মেয়র পেয়ারা বেগম।
 
তিনি জানান, দুপুরে শহরের নাতিরাবাদ এলাকার সালাম মিয়া, বিল্পব রায় বিল্লু ও রহমান মিয়ার নেতৃত্বে শতাধিক যুবক এলাকার ড্রেনের ময়লা আর্বজনা পরিষ্কার অভিযোগ নিয়ে মেয়রের কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা মেয়রের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে মেয়রকে লাঞ্ছিত করে। চিত্কার শোনে কাউন্সিলর গৌতম রায়, মো. আলমগীর মিয়া ও কর্মচারীরা এগিয়ে এলে তাদের উপর হামলা চালায় যুবকরা। পরে পৌরসভার আসবাবপত্র ভাংচুর করা হয়।
 
হামলায় কাউন্সিলর গৌতম রায়, মো. আলমগীর কর্মচারী মো. আব্দুল কুদ্দুছ শামীম, জামাল মিয়া, মো. ফারুক মিয়া আহত হন। পরে ভারপ্রাপ্ত মেয়র বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।