ইয়েমেনস্থ বাংলাদেশিদের আনতে সহযোগিতা দেবে ভারত

আপডেট : ০১ এপ্রিল ২০১৫, ২১:২৩
 
 
 
 
ইয়েমেনে বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সহযোগিতা দিতে রাজি হয়েছে ভারত। বুধবার ঢাকায় ভারতীয় হাইকমিশন এক টুইটে তাদের সরকারের এই সিদ্ধান্তের কথা জানায়।  ভারত এরই মধ্যে ইয়েমেন থেকে নিজ দেশের নাগরিকদের জাহাজে করে ফিরিয়ে আনতে শুরু করেছে।  ভারতের এ উদ্যোগের পর সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার অনুরোধ জানানো হয়।
এ বিষয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক জানান—বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। ভারতের সঙ্গেও আলোচনা চলছে। ভারত নীতিগতভাবে রাজি হয়েছে। তারা জানিয়েছে—সেখানে আটকেপড়া সব ভারতীয় নাগরিককে ফিরিয়ে আনার পর এবং আটকেপড়া বাংলাদেশিদের শনাক্ত করা গেলে ফিরিয়ে আনতে ভারত সহযোগিতা করতে পারে। সচিবের সংবাদ সম্মেলনের কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় দূতাবাসের তরফ থেকে সহযোগিতার বিষয়টি নিশ্চিত করা হয়।
ইয়েমেনে বর্তমানে দেড় থেকে তিন হাজার বাংলাদেশি রয়েছেন। সম্প্রতি হুতি বিদ্রোহীরা দেশটির প্রেসিডেন্টকে উত্খাত করে রাজধানী সানার নিয়ন্ত্রণ নিলে পরিস্থিতির দ্রুত অবনতি হয়। বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবের নেতৃত্বে অভিযান শুরুর পর বিপদগ্রস্ত বাংলাদেশিরা পার্শ্ববর্তী দেশের বিভিন্ন দূতবাসের ফোন ও ই-মেইল করে করে তাদের দ্রুত উদ্বারের আহ্বান করছে।
এ বিষয়ে পররাষ্ট্র সচিব বলেন, ‘এই বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই এডেন এলাকায় রয়েছেন। এখনো ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণে থাকা ওই এলাকা তুলনামূলকভাবে নিরাপদ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ অবস্থায় বিমান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেখান থেকে ফিরতে পারছেন না বাংলাদেশিরা। ইয়েমেনে বাংলাদেশের দূতাবাস না থাকায় তারা কোনো সহায়তাও পাচ্ছেন না।’
সচিব জানান—কুয়েতে বাংলাদেশের হাই কমিশনকেই ইয়েমেনের দায়িত্ব দেয়া আছে। কিন্তু দুই দেশের মধ্যে দূরত্ব অনেক বেশি। আমরা ইয়েমেনে আমাদের কর্মকর্তাদের পাঠানোর চেষ্টা করেছি। কিন্তু এই পরিস্থিতিতে সেখানে যাওয়ার একমাত্র উপায় হলো সমুদ্রপথ। আমরা আশা করছি—আমরা লোক পাঠাতে পারব।