ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া ১২ মেয়র প্রার্থীসহ মোট ৮১ জন পুলিশের এজারভুক্ত আসামি। আসামিদের নামের তালিকা নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটান পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
বুধবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।
মনিরুল ইসলাম বলেন, ৮১ জনের আসামির মধ্যে ১২ জন মেয়র প্রার্থী। আরো রয়েছেন ২০টি ওয়ার্ডের কাউন্সিলর ৬৫ জন এবং সংরক্ষিত নারী আসনের ৪ জন সদস্য। তারা সবাই এজাহারভুক্ত আসামি।
তিনি আরও জানান, প্রথম ধাপে নির্বাচন কমিশনে এ তালিকা জমা দেয়া হয়েছে। প্রার্থীদের বিষয় এখনো তথ্য নেওয়া হচ্ছে। এ সংখ্যা আরও বাড়তে পারে। সম্পূর্ণ তথ্য পাওয়া গেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এসব প্রার্থীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।
তিনি আরও বলেন, দুই সিটি করপোরেশন নির্বাচনে ৩০ থেকে ৩৫টি মামলা রয়েছে এমন ব্যক্তিও মনোনয়নপত্র দাখিল করেছেন। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে কিন্তু জামিন নেয়নি। তাদের নাম যদি চার্জশীটে আসার সম্ভাবনা থাকে, তাহলে তদন্ত কর্মকর্তা চাইলে তাদের গ্রেফতার করতে পারবেন। এটা সম্পূর্ণ তদন্ত কর্মকর্তার ওপর নির্ভর করবে। নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হতে পারে সে জন্য পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চালাচ্ছে বলেও তিনি জানান।
