উখিয়ায় কিশোরী হত্যা :দুর্বৃত্তরা চিহ্নিত

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১১:৩৩

জেলার উখিয়ায় ভণ্ড প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে তুলে নিয়ে কক্সবাজারের এক হোটেলে গণধর্ষণ করেছে। ঘটনা ফাঁস হয়ে যাওয়ার আশংকায় পাষণ্ডরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে গত মঙ্গলবার রাত ৯টার দিকে স্থানীয় আল ফুয়াদ হাসপাতালের বারান্দায় রেখে পালিয়ে যায়। সে এনজিও সংস্থা সূর্যের হাসি ক্লিনিকের মাঠকর্মী, রত্নাপালং ইউনিয়নের রুহুল্লার ডেবা গ্রামের হতদরিদ্র জয়নাল উদ্দিনের কিশোরী মেয়ে রাবেয়া আকতার (১৫)। চাঞ্চল্যকর ও লোমহর্ষক এ হত্যাকাণ্ড নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ময়না তদন্ত শেষে গতকাল বুধবার দুপুর ১২টার দিকে নিহত রাবেয়ার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালের এক কর্মকর্তার সাথে মুঠোফোনে আলাপ করে জানতে চাওয়া হলে তিনি জানান, হাসপাতালে স্থাপন করা সিসি ক্যামেরায় নিহত কিশোরীসহ অপরাপর লোকজনদের ছবি ভিডিও ফুটেজে রয়েছে। স্থানীয় ইউপি সদস্য দুলাল মেম্বার এ ঘটনার সত্যতা স্বীকার করে অবিলম্বে ঘাতক ধর্ষকদের গ্রেফতারের জন্য পুলিশের সহযোগিতা কামনা করেন। কক্সবাজার সদর থানার ওসি মতিউল ইসলাম বলেন, আল-ফুয়াদ হাসপাতাল থেকে একটি মেয়ের মরদেহ উদ্ধার করে ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু করা হবে।