নেত্রকোনায় স্কুল ছাত্রীকে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ০২:৪২

জেলার বারহাট্টা উপজেলার অতিথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী শাবনুর ওরফে ছুটনীকে (১০) ধর্ষণের পর গলা কেটে হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড দিয়েছে নেত্রকোনা আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হচ্ছে আলী হোসেন ও মাবুদ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেম মঙ্গলবার এ রায় প্রদান করেন।

জানা যায়, গত ২০১২ সালের ১৩ জুন বিদ্যালয় থেকে বাড়ি ফিরে আসার পর শাবনুর মাঠে গরু আনতে যায়। এ সময় একই গ্রামের সিরাজ মিয়ার পুত্র মোঃ আলী হোসেন (২৫) ও পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার হরিপুর গ্রামের মৃত আসন আলীর পুত্র শ্রমিক মামুদ হোসেন একা পেয়ে মেয়েটিকে ধর্ষণ করে।

শাবনুর বিষয়টি বাড়িতে বলে দেয়ার কথা বললে তারা ক্ষিপ্ত হয়ে তাদের হাতে থাকা ধারালো কাঁচি দিয়ে তাকে গলা কেটে হত্যা করে। এ ব্যাপারে নিহতের পিতা জাহাঙ্গীর আলম বাদি হয়ে বারহাট্টা থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।