শিক্ষকের বদলির খবরে সংজ্ঞা হারালো ১৭ শিক্ষার্থী

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১০:৪১


নাটোরের বাগাতিপাড়ায় এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বদলির খবর পেয়ে সংজ্ঞা হারিয়েছে ১৭ শিক্ষার্থী। শিক্ষকের প্রতি ছাত্রদের ভালবাসার এমন দৃষ্টান্তের কাছে পরাজয় মেনে অবশেষে শিক্ষা বিভাগ থেকে বদলির আদেশ প্রত্যাহারের আশ্বাস দেয়া হয়েছে।
অসুস্থ এসব শিক্ষার্থীদের চিকিত্সা প্রদানকারী চিকিৎসক ডাঃ যোসেফ সিদ্দিকী বলেছেন, প্রবল আবেগে কান্নায় ভেঙ্গে পড়লে শিক্ষার্থীদের জ্ঞান হারানোর ঘটনা ঘটেছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ মতিনুল হক গত ৫ বছর ধরে কর্মরত রয়েছেন। গত ৩০ মার্চ রাজশাহী বিভাগীয় শিক্ষা অফিসের বিভাগীয় উপ-পরিচালকের এক আদেশে তাকে পার্শ্ববর্তী জিগরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়। বদলির খবরটি বুধবার শিক্ষার্থীদের কাছে প্রধান শিক্ষক জানিয়ে বিদায় নেন। এ খবর পাওয়ার পরপরই কান্নায় ভেঙ্গে পড়ে কোমলমতি শিক্ষার্থীরা। এক পর্যায় ঐ ১৭ জন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা সেবা দেয়া হয়। বিষয়টি তাত্ক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সালাউদ্দিন ও সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়াকে জানানো হলে শিক্ষা অফিস থেকে মোবাইল ফোনে লাউড স্পিকারে এই শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহার করা হবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়।
স্কুলের প্রধান শিক্ষক মতিনুল হক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগাতিপাড়া উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মজনু মিয়া জানান, বদলির বিষয়টি পুনঃবিবেচনা করা যেতে পারে।