নাটক সিনেমায় পুলিশের চরিত্র দেখাতে অনুমতি লাগবে

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ১৮:৪১
 
 
নাটক-সিনেমায় অনুমতি ছাড়া পুলিশের চরিত্রে অভিনয় ও পোশাক ব্যবহার করা যাবে না। সংশ্লিস্ট কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। এ ব্যাপারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সংস্থা, গণমাধ্যম ও সংশ্লিস্ট বিভাগকে অবহিত করা হয়েছে। পাশাপাশি  এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য তথ্য সচিবের বরাবরে চিঠি পাঠানো হয়েছে। 
 
ডিএমপি সূত্র জানায়, গত ২৫ মার্চ ডিএমপি কমিশনার  আছাদুজ্জামান মিয়া ( ১৫২ নম্বর স্মারকে) একটি চিঠি পুলিশ সদর দফতরে পাঠায়। পুলিশ সদর দফতর থেকে  দুই এক দিনের মধ্যে চিঠিটি তথ্য সচিবের কাছে পাঠানো হবে।
 
গত মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে এক চিঠি তথ্য মন্ত্রণালয়ের সচিব, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও পরিবেশক সমিতি এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলকে এ নির্দেশনা জানানো হয়েছে।
 
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম জাহাঙ্গীর আলম সরকার।
 
চিঠিতে বলা হয়, পুলিশ একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। তাই পুলিশের বেশিরভাগ সদস্যই সর্বদা সেবা ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত থাকেন।  কিন্তু প্রায়াই দেখা যায় নাটক ও সিনেমায় পুলিশের চরিত্রকে নেতিবাচক ও হাস্যরসের পাত্র হিসেবে উপস্থাপন করা হয়। তাছাড়া  পুলিশের পোশাক ব্যবহারের বিষয়ে পদবি অনুযায়ী সরকার অনুমোদিত একটি  ‘ড্রেস কোড’ রয়েছে।
চিঠিতে আরো বলা হয়, কোড অনুযায়ী পুলিশ সদস্যরা র‌্যাংক ও ব্যাজ ব্যবহার করে পোশাক পরেন। কিন্তু এসব বিষয়ে ধারণা না থাকায় নাটক-সিনেমায় অনেক সময় কনস্টেবলের পোশাক পরে ওসি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। পুলিশের বিরুদ্ধে যাচাই বাছাই ব্যতিরেকে এ ধরনের নেতিবাচক প্রচার অপরাধীদের অপরাধ কর্মে উত্সাহিত করে। এ ধরনের বিরূপ প্রচার জনগনকে পুলিশের কর্মকান্ড সম্পর্কে আস্থাহীন করে তুলতে সহায়তা করে।