বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে করা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দুর্নীতি দমন কমিশনকে (দুদক) পক্ষভুক্ত করেছে হাইকোর্টে। দুদক কৌসুলি খুরশীদ আলম খানের করা আবেদনের প্রেক্ষিতে বৃহস্পিতিবার বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।
৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর নগরীর কাফরুল থানায় এই মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৩১ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডা. জোবাইদা। ঐ আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুল জারি করে।
কিন্তু বাতিল আবেদনে ঐ সময় দুদককে পক্ষভুক্ত না করায় বুধবার হাইকোর্টে পক্ষভুক্তের আবেদন দাখিল করা হয়।
এ বিষয়ে দুদক কৌসুলি খুরশীদ আলম খান বলেন, রুল বিচারাধীন থাকায় মামলাটির বিচার কার্যক্রম আটকে আছে। এজন্য রুল শুনানি করতে চাই। আর রুলের শুনানি করতে হলে পক্ষভুক্ত হতে হয়।
