চুলের যত্নে মরিচ!

আপডেট : ১৭ মে ২০১৫, ১৫:০২
চুলের যত্নের কিছু ভাল প্রাকৃতিক উপাদান রান্না ঘর থেকেই পাওয়া যায় এটা এখন আর কারো কাছেই গোপন কিছু নয়। কিন্তু শুনলে অবাক হবেন, চুলের জন্য নাকি মরিচও খুব উপকারী। ‘দ্য বিউটি রিল’ ব্লগার ইশিকা সাচদেভ এমন ভিন্নধর্মী তথ্যই জানিয়েছে।
ইশিকা সাচদেভ বলেছেন, মরিচের তেলের ব্যবহার চুলের বৃদ্ধিতে সহায়তা করে। এই তথ্য নাকি তিনি তার দাদির কাছে পেয়েছেন। দাদির কাছ থেকে শুনে সপ্তাহে দুই দিন এই তেল ব্যবহার করে তার চুল ঘন ও সুন্দরও নাকি হয়েছে।
তিনি জানান, এই তেল ব্যবহার করলে চুলের বিবর্ণতাও কমে। তার দাদি নাকি এই তেল ব্যবহার করায় মাথায় নতুন কালো চুলের গোড়া দেখা গিয়েছে।
তবে ঈশিকার এই বক্তব্য সম্পর্কে ডারমাটোলজিস্টেদের মন্তব্য কি সেটা শোনা যাক। ডারমাটোলজিস্ট সেজাল কে শাহ হাফিংটন পোস্টকে জানিয়েছে, মরিচের ক্যাপসাইসিন নামের একটি উপাদান আছে যা ইঁদুরের শরীরে চুলের বৃদ্ধি এবং মানুষের অ্যালোপেসিয়ার চিকিত্সায় সহায়ক।
তিনি সতর্ক করে বলেছেন, মরিচের তেল ব্যবহারে মাথায় চুলকানো, জ্বালা-পোড়া ও ফুলে উঠতে পারে। এরকম কিছু হলে অবশ্যই এই তেল ব্যবহার বন্ধ করে দিতে হবে। যদি কেউ এই তেল ব্যবহার করতে চায় তবে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নিতে হবে।
দ্য সেন্টার অব ডারমাটোলজি নিউইয়র্ক-এর ডক্টর ডেভিড ই ব্যাঙ্ক বলেন, রূপচর্চায় মরিচের তেলের উপকারিতা সম্পর্কে আসলে এখনো খুব কমই গবেষণা হয়েছে।
মরিচের তেল কিভাবে ব্যবহার করবেন সে সম্পর্কে ইশিকা জানান, এক চা চামচ মিহি মরিচের গুঁড়ার সাথে নারিকেল তেল অথবা বাদাম তেল মিশিয়ে পেস্ট তৈরি করতে হবে। এরপর এই মিশ্রণটি চুলের গোড়ায় আলতো করে লাগাতে হবে। তবে এই মিশ্রণটি স্ক্যাল্পে ঘষা যাবে না, তাহলে জ্তালা-পোড়া করতে পারে। এই মিশ্রণটি মাথায় আধা ঘণ্টার মতো রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে হবে।