সমাজের প্রতিটি স্তরে দায়িত্বের ভার কাঁধে নিয়ে নীরবে এগিয়ে চলেন পুরুষেরা। কখনো বাবা, কখনো ভাই, কখনো স্বামী কিংবা সন্তান হিসেবে পরিবার ও সমাজে রেখে চলেন গুরুত্বপূর্ণ অবদান। এমনকি পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র গঠনেও রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা।
অথচ তাদেরও রয়েছে আবেগ, অনুভূতি, মানসিক চাপ, স্বপ্ন ও নানা না-বলা কষ্ট।
পুরুষের ইতিবাচক অবদান, অধিকার, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস।
প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হয়। বাবা, ভাই, বন্ধু, সহকর্মী, স্বামী কিংবা প্রেমিক- জীবনের কাছের পুরুষদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানানোরও একটি উপলক্ষ এই দিন।
১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথমবারের মতো বিশ্ব পুরুষ দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে দিবসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
কীভাবে শুরু হলো পুরুষ দিবস?
তবে পুরুষ দিবস পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে ২৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উঠে আসে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের আদলে পুরুষদের জন্যও একটি নির্দিষ্ট দিন চালুর দাবি জানানো হয়েছিল।
পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, কলম্বিয়া, রাশিয়া ও চীনের মতো কয়েকটি দেশে বিচ্ছিন্নভাবে পুরুষ দিবস পালিত হয়। তবে এসব উদ্যোগ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯ নভেম্বর দিনটিকে বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালনের সূচনা হয়। ক্যারিবীয় অঞ্চলে শুরুতেই দিবসটি ব্যাপক সাড়া ফেলে।
নভেম্বর মাসেই কেন?
ইন্টারন্যাশনাল মেনস ডে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসজুড়েই পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে অন্যতম হলো ‘মুভেম্বর’। মুভেম্বর শব্দটি এসেছে ‘মুশটাস’ (গোঁফ) ও ‘নভেম্বর’ শব্দের সমন্বয়ে। এ উপলক্ষ্যে নভেম্বর মাসে বিশ্বের বিভিন্ন দেশের পুরুষেরা গোঁফ রাখেন। তাদের এই উদ্যোগে নারীরাও সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
এই আয়োজনের মূল লক্ষ্য পুরুষদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগের জন্য তহবিল সংগ্রহ করা। বিশেষ করে প্রোস্টেট ক্যানসার, টেস্টিকিউলার বা শুক্রাশয়ের ক্যানসার, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গুরুত্ব দেয়া হয়। তবে মুভেম্বর পালনের জন্য গোঁফ রাখতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। অনেকে পুরো নভেম্বর মাস দাড়ি-গোঁফ না কেটেও এই সচেতনতামূলক আয়োজনে অংশ নেন।
কেন পালন করা হয় এই দিবস?
দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো সমাজ, পরিবার ও রাষ্ট্রে পুরুষের অবদানকে স্বীকৃতি দেয়ার পাশাপাশি তাদের জীবনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা তৈরি করা। এ দিবসে পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, আত্মহত্যা প্রতিরোধ, পারিবারিক দায়িত্ব এবং সমাজের প্রচলিত প্রত্যাশার কারণে তৈরি হওয়া চাপের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
পাশাপাশি সমাজে ইতিবাচক পুরুষ আদর্শ প্রতিষ্ঠা, দায়িত্বশীল বাবা হিসেবে পুরুষের ভূমিকা এবং সন্তান লালন-পালনে তাদের অংশগ্রহণকে উৎসাহিত করাও এ দিবসের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সমতা ও সহমর্মিতা বাড়ানোর মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলার বার্তাও দেয়া হয়।
এবারের প্রতিপাদ্য কী?
২০২৬ সালের আন্তর্জাতিক পুরুষ দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘দ্য ফিউচার ইজ এভরিওয়ান’। বাংলায় যার অর্থ ‘ভবিষ্যৎ সবার’। এই প্রতিপাদ্যের মাধ্যমে নারী-পুরুষের পারস্পরিক সহযোগিতা, অন্তর্ভুক্তি ও সমতা নিশ্চিত করে একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।
বর্তমানে বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রতিবছর ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস পালিত হয়।
উল্লেখ্য, এই দিবস নারী দিবসের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী হিসেবে উদ্যাপিত হয় না। বরং পুরুষ ও ছেলেদের অবদান, অভিজ্ঞতা, অধিকার এবং জীবনের নানা সমস্যা নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরির একটি বিশেষ উপলক্ষ্য এটি।
