ঝিনাইদহের কালীগঞ্জ ও কোটচাদপুর থেকে রেজিস্ট্রেশন বিহীন ৭১ টি অবৈধ মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল আটক করা হয়।
ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঝিনাইদহে নাশকতামুলক কর্মকান্ডে রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল ব্যবহার করা হচ্ছে হচ্ছে বলে পুলিশ খবর পায়। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশে জেলাব্যাপী মোটর সাইকেলের কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার জন্য অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসাবে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কালীগঞ্জ ও কোটচাদপুর উপজেলা থেকে অভিযান চালিয়ে ৭১ টি রেজিস্ট্রেশন বিহীন মোটর সাইকেল আটক করা হয়। এর মধ্যে কালীগঞ্জে ২৭ টি ও কোটচাদপুরে ২৯ টি মোটর সাইকেল রয়েছে। এসময় কাগজপত্র না থাকায় মোটর সাইকেলের বিরুদ্ধে ও রেজিস্ট্রশন বিহীন ভাবে মোটর সাইকেল চালানোর অপরাধে চালকদের বিরুদ্ধে মামলা করা হয়।
তিনি আরো জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
