যৌতুকের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত জাহান তুষ্টির ওপর নির্যাতনকারী স্বামী সেনা কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে তিন দিনের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে এ আল্টিমেটাম দেন।
আল্টিমেটামের মধ্যে রয়েছে-আগামী রবিবারের মধ্যে ওই সেনা কর্মকর্তার বিরূদ্ধে থানায় মামলা নেয়া এবং বাংলাদেশ সেনাবাহিনীর আইএসপিআর কর্তৃক তার বিরূদ্ধে ব্যবস্থা নেয়া। তা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার, মানবাধিকার সংস্থা, নারী আন্দোলন সংগঠন, ছাত্রসংগঠন এবং দেশের সাধারণ জনগণ নিয়ে আন্দোলনের মাধ্যমে এ দাবি আদায়ের হুমকি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান, অধ্যাপক ড. মো: মোশাররফ হোসেন, অধ্যাপক আলী আক্কাস, সহযোগী অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরী এবং তুষ্টির ছোট ভাই মুকিত হাসান তরিক প্রমুখ।
মানববন্ধনে ঢাবির বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। এ কর্মসূচিতে একাত্ত্বতা ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। মানবন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ব্যবসায় অনুষদে এসে শেষ হয়।
মানববন্ধনে ড. মোঃ আতাউর রহমান বলেন, এধরণের সুশৃঙ্খল বাহিনীতে কিছু বিপদগামী লোক থাকে। তারা এ বাহিনীর সুনাম ক্ষুণ্ন করে। তাই একজন বাংলাদেশের মেয়ে হিসেবে তার পাশে সকলের দাঁড়ানো উচিত।
তিনি বলেন, এঘটনায় এখনো থানায় মামলা নেয়নি পুলিশ। তাহলে আমরা কিভাবে আইশৃঙ্খলাবাহিনীর উপর আস্তা রাখবো? তাই আগামী রবিবারের মধ্যে থানায় মামলা এবং সেনাবাহিনীর আইএসপিআর কর্তৃক তার বিরূদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানায়। তা না হলে কিভাবে এ দাবি আদায় করতে হয় তা আমাদের জানা আছে।
ড. মো: মোশাররফ হোসেন বলেন, এটা কোনভাবে মেনে নেয়া যায় না। তাই সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে এ দাবি আদায় করতে হবে। ঢাবি ভিসিও এ দাবি আদায়ে পাশে থাকার আশ্বাস দেন এবং আমরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি। এসময় তিনি আগামী রবিবারের মধ্যে থানায় মামলা এবং সেনাবাহিনী কর্তৃক দোষীর বিরুদ্ধে কোন ব্যবস্থা না নিলে, ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এ দাবিতে গর্জে উঠবে বলে হুমকি দেন।
