গাজীপুরে প্রচন্ড ঝড়ে নিহত ২

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ২৩:২৫

গাজীপুরে প্রচন্ড ঝড়ে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। ঝড়ের ফলে গাজীপুর মহানগরীর ভোগড়া, বাসনসড়ক, ডেগেরচালা, মালেকেরবাড়ি, জাঝর, ইশ্বড্ডাসহ বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা, দোকানপাট, বিদ্যুতের খুঁটি ও ফসলের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার বিকালে বয়ে যাওয়া ঝড়ে ওই সব এলাকায় এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। এ ছাড়া গাজীপুরের বিভিন্নস্থানে শিলা বৃষ্টি হয়েছে। ঝড়ের পর থেকে গাজীপুর শহর ও আশপাশ এলাকায় বিদুৎ সরবরাহ বন্ধ ছিল।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সিরাজুল ইসলাম (৩০)। বাড়ি চট্টগ্রামে। তিনি পেশায় গাড়ি চালক। গাজীপুর মহানগরের নাওজোর এলাকায় ভাড়া থাকতেন। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাল পৌনে ছয়টার দিকে ওই সব এলাকায় প্রচন্ড গতিতে ঝড় বয়ে যায়। ঝড়ের সঙ্গে প্রচুর শিলাবৃষ্টি হয়। ঝড়ে নাওজোর এলাকায় একটি বাড়ির দেয়াল ভেঙ্গে পড়লে সিরাজুল ইসলাম (৩০) তাতে পিষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত অজ্ঞাত ব্যক্তি বাসন সড়ক এলাকার একটি নির্মানাধিন ৬ তলা ভবনের ওপর থেকে পড়ে মারা যান।

নিহত গাড়িচালক সিরাজুল ইসলামের সহকারি ঝড়ে আহত রাজন জানান, বিকাল পৌনে ছয়টার দিকে ঝড় শুরু হলে ভাড়া বাসার ইটের ঘর ভেঙ্গে পড়লে সিরাজুল ইসলাম আহত হন। তাকে গাজীপুর সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। প্রচন্ড ঝড়ে এলাকার গার্মেন্টস কারখানার টিনের সেড, ঘর-বাড়ি, দোকানপাটের টিনের চালা উড়ে যায়। এ ছাড়া অসংখ্য গাছ উপড়ে ও ডাল ভেঙ্গে, টিনে কেটে এবং দেয়ালধ্বসে অন্তত ১৫জন আহত হয়েছে। আহতদের গাজীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে এরা হচ্ছেন- রাজন (২৫), খায়রুল (৩০), বাসন সড়কের আলেকের বাড়ির ভাড়াটিয়া মাহবুবুর (৭)। রাতে জেলা প্রশাসক মোঃ নূরুল ইসলাম গাজীপুর সদর হাসপাতালে হতাহতদের দেখতে যান। এ সময় তিনি নিহতের প্রতিটি পরিবারকে ১০হাজার টাকা করে অনুদান প্রদান করেন। এদিকে ঝড়ের পর সন্ধ্যায় গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ আব্দুস সালাম সরকারের নেতৃত্বে একটি জরুরী চিকিৎসক দল ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকায় আহতদের চিকিৎসা সেবা দিতে যান।