বুড়িগঙ্গা ও মেঘনায় ট্রলার ডুবে ১২ জনের প্রাণহানি

আপডেট : ০২ এপ্রিল ২০১৫, ২৩:৪৬

নারায়ণগঞ্জের পাগলায় বুড়িগঙ্গা নদীতে গতকাল ট্রলার ডুবির ঘটনায় ৮ জন নিহত হয়েছে। অন্যদিকে বুধবার রাতে মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় নিহত হয়েছে ৪ জন। 

বুড়িগঙ্গায় নিহতরা মতলবে সোলায়মান শাহ ওরফে লেংটার মেলা শেষে ট্রলারে করে ঢাকা ফিরছিল। নিহতরা হলেন— ঢাকার লালবাগের ১৭৪ সৈয়দনগরের মৃত লাটমিয়ার ছেলে মো. ছমির হোসেন (৪৫) এবং একই এলাকার আব্দুল হক ওরফে ওহাব মাতবরের ছেলে রুবেল (১৮), হাফিজউদ্দিন মিয়ার ছেলে রুবেল (৩০), মো. নিজামের ছেলে সাগর (১০), মিরপুর সিনেমা হল এলাকার নুরউদ্দিনের ছেলে জাকির হোসেন (৩০), লালবাগ এলাকার কাজল মিয়া (২৮), আইউব আলীর স্ত্রী করমজান বিবি (৬৫) ও রাজীব মিয়া হূদয় (২২)। ট্রলারের যাত্রী মো. রিপন জানান, দু’দিন আগে ট্রলারটি ভাড়া করে মতলবে সোলায়মান লেংটার মেলার মাজারে যান তারা। ওই মাজার থেকে যাত্রী নিয়ে গতকাল সকালে ঢাকার সদরঘাটের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। আলীগঞ্জ এলাকায় পৌঁছলে বালুবাহী নৌযান ‘সাথীবুল বাহার-২’ আমাদের ট্রলারকে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা জানান, ঘটনাস্থলটি কেরানীগঞ্জ হলেও ট্রলার ডুবির ঘটনার খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ হওয়ায় এবং তাদের সবার বাড়ি ঢাকাতে হওয়ায় মরদেহ ময়নাতদন্ত ছাড়া নিতে চাইলে স্বজনদের ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে।
এদিকে দুর্ঘটনার পর নদীর তীরে শত শত নারী-পুরুষ আহাজারি শুরু করে। ফায়ার সার্ভিস বিকাল ৩টায় ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করে। এছাড়া নদীর বিভিন্ন স্থান থেকে লাশ উদ্ধার করে।
বিকালে ঢাকা জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়াসহ কেরানীগঞ্জ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছুটে আসেন। নিহতদের পরিবারকে দাফনের জন্য ২০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।
এদিকে গজারিয়া উপজেলার ভাষানচরের কাছে মেঘনা নদীতে যাত্রীবাহী ট্রলার ও বালুবাহী নৌযানের সংঘর্ষে নিহতরা হলেন—  সিদ্ধিরগঞ্জের মুনির হোসেনের কন্যা মুনিয়া আক্তার (৪) ও কুমিল্লার হোমনার সুভরাম গ্রামের শামিমের পুত্র হাবিব (১৬)। বাকী দুই যুবকের পরিচয় মিলেনি। পুলিশের তালিকা অনুযায়ী বাউশিয়ার মো. ফয়েজ (১৬) ও কুমিল্লার চান্দিনা কেয়ামনি (৪) নিখোঁজ রয়েছে।

ট্রলারের বেঁচে যাওয়া যাত্রী সিদ্ধিরগঞ্জের পিয়াস (২৫) জানান, তারা মেঘনা-গোমতী সেতুর (দাউদকান্দি সেতু) বাউশিয়ার লঞ্চঘাট থেকে ট্রলারে করে চাঁদপুরের বেলতলীর লেংটার মেলায় যাচ্ছিলেন। বুধবার রাত সাড়ে ৭টায় ট্রলারটি ছাড়ে। মূল মেঘনা নদীর মোহনায় ঝড়ের কবলে পড়ে এই দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল জানান, সকল নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার তত্পরতা অব্যাহত থাকবে। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের তরফ থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।