ক্লাউড স্টোরেজ হিসেবে ড্রপবক্সকে বলা যায় পথিকৃত্। দীর্ঘদিন হলো ক্লাউড স্টোরেজের সেবা প্রদান করে আসছে তারা। সাধারণভাবে এসব স্টোরেজে সংরক্ষিত ফাইল সব ধরনের ডিভাইসেই সিনক্রোনাইজ করে নেওয়া যায়। ক্লাউড কম্পিউটিংয়ের এই যুগে ক্লাউড স্টোরেজগুলো বাড়তি অনেক সুবিধাই প্রদান করছে। ড্রপবক্সে এসব সুবিধাকে পূর্ণাঙ্গভাবে ব্যবহারের জন্য রয়েছে বেশকিছু টুলস, যেগুলো কাজকে গুছিয়ে দেওয়ার সাথে সাথে কাজের গতিকেও বৃদ্ধি করবে। এমন কয়েকটি টুলসের কথা জানাচ্ছেন তরিকুর রহমান সজীব
সর্ট মাই বক্স
অনেকেই ড্রপবক্সে এত এত ফাইল রাখেন যে সেগুলো গুছিয়ে রাখতে পারেন না। ফলে দরকারের সময় প্রয়োজনীয় ফাইলটি খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। এক্ষেত্রে ড্রপবক্সের ফাইলগুলোকে গুছিয়ে রাখার জন্য ব্যবহার করতে পারেন ওয়েব অ্যাপ সর্ট মাই বক্স। ড্রপবক্সের তথ্য দিয়েই বিনামূল্যে সাইন-আপ করা যাবে এই ওয়েব অ্যাপে। আর একবার এতে ঢুকে ফাইল সাজিয়ে রাখার জন্য কিছু সূত্র বা নিয়ম নির্ধারণ করে দিলেই হলো; বাকি কাজ সর্ট মাই বক্স নিজেই করে ফেলবে। এটি ড্রপবক্সে নিজস্ব একটি ফোল্ডার খুলবে এবং প্রতি ১৫ মিনিট অন্তর অন্তর ড্রপবক্স স্ক্যান করবে। নতুন কোনো ফাইল ড্রপবক্সে হাজির হলেই এটি পূর্বনির্ধারিত নিয়ম অনুযায়ী সেটিকে সঠিক স্থানে পৌঁছে দেবে। এটি ব্যবহার করতে পারবেন www.sortmybox.com ঠিকানা থেকে।
সেফ মংক
সাইবার অপরাধীদের দৌরাত্ম্যে এখন অনলাইনে নিরাপদে বিচরণ করা কঠিন কাজে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্লাউড স্টোরেজে হ্যাকারদের হামলা ড্রপবক্সের ব্যবহারকারীদেরও চিন্তিত করেছে। যারা ড্রপবক্সের ফাইলগুলোকে সুরক্ষিত রাখতে চান, তারা ব্যবহার করতে পারেন সেফ মংক। ড্রপবক্সের সাথে সেফ মংক ব্যবহার করলে এটি ড্রপবক্সের ভেতরে নিজস্ব একটি ফোল্ডার তৈরি করবে এবং ওই ফোল্ডারে রাখা সব ফাইলকে এনক্রিপ্টেড রাখবে। এই ফাইলগুলো ড্রপবক্সের পাশাপাশি সেফ মংকের নিজস্ব মোবাইল অ্যাপস থেকেও ব্যবহার করা যাবে। ব্যবসায়-বাণিজ্যে ব্যবহারের জন্য সেফ মংকের এন্টারপ্রাইজ এডিশনও রয়েছে। সেফ মংক ব্যবহার করতে ভিজিট করুন সেফ মাংকের ওয়েবসাইট www.safemonk.com।
এয়ারড্রপার
ক্লাউড স্টোরেজ হিসেবে জনপ্রিয় হলেও ড্রপবক্সের পর আরও অনেক ক্লাউড স্টোরেজই যাত্রা শুরু করেছে। ফলে অনেকেই হয়তো সেসব সেবা গ্রহণ করে থাকে। তাহলে যাদের ড্রপবক্স নেই, তাদের সাথে ফাইল আদান-প্রদানের মাধ্যম কী? এই প্রশ্নের জবাব হিসেবেই হাজির হয়েছে এয়ারড্রপার। এই ইউটিলিটি সেবাটি ড্রপবক্সের সাথে ভালোভাবেই কাজ করে। ড্রপবক্সের মাধ্যমে এয়ারড্রপারের সাথে সংযুক্ত হলেই অন্য কাউকে ফাইল পাঠাতে পারবেন বা অন্য কারও কাছ থেকে ফাইল গ্রহণ করতে পারবেন। এয়ারড্রপারের মাধ্যমে পাওয়া ফাইলগুলো ড্রপবক্সে আলাদা একটি ফোল্ডারে জমা হয়ে থাকে। এটি ব্যবহার করতে পারবেন https://airdropper.com ঠিকানা থেকে।
ড্রপভক্স
নামে কাছাকাছি এই ইউটিলিটি সেবাটি ড্রপবক্স ছাড়াও অন্যান্য সেবার সাথে ব্যবহার করা যায়। এর বিশেষত্ব হলো এটি যেকোনো ভয়েজ মেমো রেকর্ড করে তা সরাসরি ড্রপবক্সে আপলোড করে দিতে পারে। শুধু তাই নয়, কোলাবোরেটিভ কোনো প্রজেক্টে কাজ করার সময় এটি ব্যবহার করে কোনো তথ্য বা নির্দেশনা রেকর্ড করলে এর মাধ্যমেই ওই রেকর্ডিং শেয়ার করা যায় প্রজেক্টের সকল সদস্যের সাথে। এই সেবাটি অবশ্য বিনামূল্যে ব্যবহার করা যায় না। আর ড্রপবক্স ছাড়াও অন্য সেবার সাথেও ব্যবহার করা যায় ড্রপভক্স। www.irradiatedsoftware.com/dropvox ঠিকানায় পাওয়া যাবে ড্রপভক্স।
ওয়াপউলফ অটোমেটর
আইএফটিটিটি যারা ব্যবহার করেছেন, তারা ওয়াপউলফ অটোমেটর ইউটিলিটি সেবাটি ব্যবহার করতে পারেন। ড্রপবক্সের বিভিন্ন ফাইল এবং ফোল্ডারের হিসাব করে এটিও সাজিয়ে-গুছিয়ে দেবে। এর বাইরে এর বড় সুবিধা হলো এর মাধ্যমে গুগল ড্রাইভ, কিন্ডলের মতো বিভিন্ন স্থানে ফাইল আপলোড করতে পারে। এমনটি ফেসবুক বা ফ্লিকারেও এখান থেকে ছবি আপলোড করার সুবিধা রয়েছে। তাছাড়া বিভিন্ন ধরনের ডক্যুমেন্ট ফাইলকে এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্টও করতে পারে। বিনামূল্যের সংস্করণের পাশাপাশি এর প্রিমিয়াম সংস্করণও রয়েছে। তবে বিনামূল্যের সংস্করণের সুবিধাগুলোই বেশিরভাগ মানুষের জন্য যথেষ্ট হবে। এটি পাবেন http://wappwolf.com/dropboxautomator ঠিকানায়।
