আধিপত্য বিস্তারের চেষ্টায় মাদারীপুর সদর উপজেলায় দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ইউনিয়ন পরিষদ সদস্যের পা কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ঘটকচর এলাকায় স্থানীয় জয়নাল এবং ইউপি সদস্য দুলাল মাতব্বর ও তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষরা দুলাল মাতুব্বরের একটি পা কেটে নিয়ে যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। কেন্দুয়া ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল মাতুব্বরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার দুপুর পর্যন্ত কেটে নেয়া পায়ের অংশটুকু উদ্ধার করা যায়নি। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
