চীন আর যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের বরফ গলতে শুরু করেছে। ইতোমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে রকম আভাস দিয়েছেন। এরই অংশ হিসেবে বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে না পারলে ১ মার্চ নতুন করে চীনা পণ্যে শুল্ক বাড়ানোর যে কথা ছিল যুক্তরাষ্ট্র সেখান থেকে ফিরে এসেছে। এমনকি ওয়াশিংটনে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে চতুর্থ দফার আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই নির্দিষ্ট সময় শেষে ফের শুল্কারোপ না করার ঘোষণা দিয়েছেন। এ ক্ষেত্রে তিনি আরও সময় নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। দেশটির প্রেসিডেন্ট জানান চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ নিরসনে একটি কার্যকর চুক্তির জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে। চলতি মাসে ট্রাম্প চুক্তির ব্যাপারে চূড়ান্ত আলোচনার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গেও সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। এর আগে গত বছর থেকে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশ একে অপরের কাছ থেকে আমদানি করা পণ্যে উচ্চ হারে শুল্কারোপ করে রেখেছে।
