দুদকের ওয়েবসাইট হ্যাকড

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১৪:৫৫
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওয়েবসাইট হ্যাক হয়েছে। ‘এফএস’ নামে হ্যাকারদের একটি গ্রুপ বৃহস্পতিবার রাতে এটি হ্যাক করে।
দুদকের ওয়েবসাইটে কালো ব্যাকগ্রাউন্ডে সাদা রঙে ‘হ্যাকড বাই এফএস’ লেখা দেখা যায়। তার নিচে লাল রঙে বিবৃতি দেয় হ্যাকাররা।  রোমান হরফে সেখানে লেখা দেখা যায়, ‘লুল সিকিউরিটি...সাইট খুললেই যদি ধরা খাইয়া যান তাহলে কেমনে কি? আর এসিসি হয়ে দুর্নীতি করা বন্ধ করেন। টিম সিসি জ্বালাজ্বালি বন্ধ করেন। আমি আগে খাইছি এইটা। এনজয় দ্য মিউজিক ডোন্ট রিডিফেইস, আমি আপনাদেরই বাংলাদেশি হ্যাকার।’
এ সময় ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে ক্লোজআপ ওয়ান তারকা সালমার ‘তুমি দিও নাকো বাসর ঘরের বাত্তি নিভাইয়া...’ গানটি।
দুদক জানিয়েছে, সংশ্লিষ্টদের ওয়েবসাইট ঠিক করতে বলা হয়েছে। তার কাজ করছে।
রিপোর্ট লেখা পর্যন্ত দুদকের ওয়েবসাইটে (http://www.acc.org.bd/) ঢুকে দেখা যায় ‘Site is under Maintenance’।
 
এর আগে গত ৩১ মার্চ বাংলা ও ইংরেজি দুই ভাষায় নতুন এই ওয়েবসাইটের উদ্বোধন করেন কমিশনের চেয়ারম্যান এম বদিউজ্জামান।