ঝিনাইদহ-যশোর মহাসড়কের বিষয়খালী বাজারের পাশে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে সোহরাব হোসেন ( ২৫ ) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। নিহত সোহরাব হোসেন ঝিনাইদহ সদর উপজেলার কালিকাপুর গ্রামের আক্কাস আলির ছেলে। আহত মাহফুজুর রহমান ও বকুল হোসেনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহ সদর থানার এস আই জাহিদ হোসেন জানান, তারা ৩ জন একটি মোটরসাইকেলে কালীগঞ্জের দিকে যাচ্ছিলেন। বিষয়খালী বাজারের পাশে ঝিনাইদহগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলটি চূর্ণবিচূর্ণ হয়ে যায়। ঘটনাস্থলে সোহরাব মারা যান। আহত দুইজনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশংকাজনক। বাসটি পালিয়ে যায়।
