সিটি নির্বাচনে দলীয় দাবি আমলে না নেয়ার কৌশল ইসির

আপডেট : ০৩ এপ্রিল ২০১৫, ১৮:১২
 
 
 
 
নিজেদের নির্দলীয় রাখতে নির্বাচন কমিশন (ইসি) সিটি নির্বাচনে রাজনৈতিক দলগুলোর কোনো সম্পর্ক নেই বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই প্রেক্ষাপটে কমিশন মনে করে—বিএনপির কার্যালয় খুলে দেয়ার সঙ্গে সিটি নির্বাচনের কোনো সম্পর্ক নেই। বরং এর সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জড়িত। ফলে বিএনপির দুটি রাজনৈতিক কার্যালয় খুলে দেয়ার বিষয়ে সরকারকে কোনো তাগাদা দেবে না ইসি।
একজন নির্বাচন কমিশনার ইত্তেফাককে বলেন, ‘আমরা ফাইলপত্র ঘেঁটে দেখেছি। স্থানীয় সরকার প্রতিষ্ঠান সমূহের নির্বাচন নিয়ে নির্বাচনের পূর্বে কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে কমিশন কোনো বৈঠক অতীতে করেনি। জাতীয় সংসদ নির্বাচন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা প্রণয়নে রাজনৈতিক দলসমূহের সহযোগিতা ও পরামর্শ চাওয়া হয়।’ 
সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘এটা নির্বাচন কমিশনের একটা কূট কৌশল। স্থানীয় সরকার সমূহের নির্বাচন নির্দলীয় হোক—এটা আমরাও চাই। কিন্তু এর মানে এই না এর সঙ্গে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর কোনো যৌক্তিক দাবি গ্রাহ্য করা হবে না। রাজনৈতিক দলগুলো দেশের বৃহত্ জনগোষ্ঠী প্রতিনিধিত্ব করে। তাদের সুপারিশ আমলে না নেয়া পক্ষান্তরে সংবিধানেরই লংঘন। কেননা এর মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর মতামতকে কমিশন অগ্রাহ্য করল।’