চুয়াডাঙ্গার দলকালক্ষীপুরে ওয়াজ মহফিলের চাঁদার টাকা উঠানোকে কেন্দ্র করে পুলিশ-গ্রামবাসী সংঘর্ষে ৩ জন গুলিবিদ্ধ হয়েছে। শুক্রবার দিনগত রাত্রি ৮টার দিকে ঘটনাটি ঘটে। আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দলকালক্ষীপুর গ্রামে ওয়াজ মাহফিলের জন্য ৫/৭ জন গ্রামের হাটে চাঁদার টাকা তুলছিল। এ সময় স্থানীয় লক্ষীপুর ক্যাম্প পুলিশ তাদেরকে চাঁদা তুলতে নিষেধ করে। এ নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে পুলিশ ২জনকে ধরে লক্ষীপুর ক্যাম্পে নিয়ে যায়। এদিকে, ঘটনাটি জানাজানি হলে রাত্রি ৮টার সময় গ্রামবাসী আটককৃতদের ছুড়িয়ে নিতে পুলিশ ক্যাম্প ঘেরাও করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ গুলি চালালে ৫ জন গুলিবিদ্ধ হয়। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন স্বাধীন, সেলিম ও হুমায়ন। গুলিবিদ্ধ আহত ৩ জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান বলেন, তিনি ঘটনা শুনেছেন। পুলিশ আত্মরক্ষায় গুলি চালিয়েছে। গুলিতে ২/৪ জন আহত হলেও হতে পারে।
