রংপুরের পীরগঞ্জে শ্যামলী নামে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুরেশ চন্দ্র নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে উপজেলার বড়করিমপুর মাঝিপাড়ায় এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার ঘটনায় হত্যা মামলা করে লাশ রংপুর মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বড়করিমপুরের শ্যামল চন্দ্র দাসের মেয়ে দ্বারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী শ্যামলীর সাথে পার্শ্ববর্তী উপজেলা সাদুল্যাপুরের জনৈক্য গণেশের প্রেম ছিল। শ্যামলীর বাড়ির সন্নিকটে হিন্দু সম্প্রদায়ের লীলাকীর্তন অনুষ্ঠানে আসে গণেশ। এ সময় গণেশের সাথে কয়েকজন বন্ধু ছিল। বৃহস্পতিবার রাতের কোন একসময় শ্যামলীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই গ্রামের লালমোহন দাসের ছেলে সুরেশ চন্দ্রকে গ্রেফতার করেছে পুলিশ।
পীরগঞ্জ থানা ওসি (তদন্ত) মোকছেদ আলী জানান, মেয়ের বাবা শ্যামল চন্দ্র দাস বাদী হয়ে ৪ জনকে আসামি করে হত্যা মামলা করলে পুলিশ ময়নাতদন্তে লাশ রংপুর মর্গে প্রেরণ করে।
