আচরণবিধি লঙ্ঘন: খোকন ও সাইফুদ্দিনকে নোটিস

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ১৯:২৯
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন ও জাতীয় পার্টি-জাপা সমর্থিত প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন মিলনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
 
এছাড়া দক্ষিণের ৮ জন কাউন্সিলর প্রার্থীকে বিধি লঙ্ঘনের অভিযোগে আর্থিক জরিমানা করেছে কমিশন।
 
শনিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সরওয়ার মোর্শেদ স্বাক্ষরিত এই নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে আগামী ৫ এপ্রিল বিকেল ৩টায় তাদের স্বশরীরে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে মৌখিক বা লিখিত জবাব দিতে বলা হয়েছে।
 
চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে রিটানিং কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ ইত্তেফাককে বলেন, ‘মেয়র প্রার্থী সাঈদ খোকন জুমা নামাজের পরে ও আগে প্রচারণা চালিয়েছে, যেটা পত্রিকা ও টেলিভিশনে প্রচার হয়েছে। পত্রিকা-টেলিভিশনের সংবাদ নজরে এনে পেপার কাটিংসহ বিধি লঙ্ঘনের কারণ জানাতে বলা হয়েছে। বিধি লংঘন করে রঙ্গিন পোস্টার লাগানোর জন্য সাইফু্উদ্দিন মিলনকেও কারণ দর্শানো নোটিশ পাঠানো হয়েছে।
 
মিহির সারওয়ার বলেন, বিধি লঙ্ঘণকারীদের শাস্তি দিতে সব সময় ভ্রাম্যমাণ আদালত মাঠে দায়িত্ব পালন করছেন। যাছাই-বাছাইয়ের পরে আমরা ২১ জনকে কারণ দর্শানোর নোটিশ ও ৮ জনকে আর্থিক জরিমানা করেছি। এছাড়া যাছাই-বাছাইয়ের আগে প্রায় ৯০ জনকে নোটিশ দিয়েছিলাম।