গোবিন্দগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ১৭:৪৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হাতেম আলী (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। 
শনিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফুলহার গ্রামে এ ঘটনা ঘটে। 
হাতেম আলী ফুলহার উত্তরপাড়া গ্রামের জানু মন্ডলের ছেলে। আহতরা হলেন- হামিদুল ইসলাম (৫৫), মর্জিনা বেগম (৪৫), মাহফুজ মিয়া (৪০), লুৎফর রহমান (৫৫), আয়শা বেগম (৫৮), রওশন আরাকে (৬৫)। তাদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  
 
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফুলহার গ্রামে হাতেম আলীর সাথে করতোয়া নদীর তীরের ৭  খাস জমি নিয়ে পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী গ্রামের নুরুন্নবি মিয়ার বিরোধ চলে আসছিল।  
 
দুপুরে ওই জমির ধানকাটাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলেই হাতেম আলী নিহত এবং উভয় পক্ষের ৬ জন আহত হন ।