কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে সাঈদ আফরিদ ইমাম (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের জেলার আদর্শ সদর উপজেলার কাটানিসার ব্রিজ এলাকা থেকে রেলওয়ে পুলিশ ওই ছাত্রের লাশ উদ্ধার করে। ইমাম জেলার বুড়িচং উপজেলার ঝুমুর গ্রামের ফারুক হোসেনের পুত্র এবং কুমিল্লা ইস্পাহানী স্কুল এণ্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। নিহতের লাশ বাড়ি নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুর এলাকায় কাটানিসার ব্রিজ নামক স্থানে ট্রেনে কাটা পড়ে এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। এসময় তারা ওই কিশোরের শার্টে ইস্পাহানী স্কুল এণ্ড কলেজের ব্যাজ দেখে কলেজ কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে। দুপুরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
লাকসাম রেলওয়ে থানার এএসআই আনোয়ার জানান, ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাঈদ আফরিদ ইমামের মৃত্যু হতে পারে। নিহতের মামসা আবাদ হোসেন জানান, শনিবার সকালে স্কুলে যাওয়ার উদ্দেশে সাঈদ আফরিদ ইমাম বাড়ি থেকে বের হয়। স্কুল ফাঁকি দিয়ে ওই এলাকায় ঘুরতে গিয়ে ব্রিজ পারাপারের সময় দ্রুতগামী ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে বলে তাদের ধারণা করা হচ্ছে।
