পুলিশের আইজিপি একেএম শহীদুল হক বলেছেন, পুলিশ-জনতা একত্রে কাজ করলে সমাজের অপরাধ বোধ কমে যায়। পুলিশ ও জনতার মধ্যে দূরত্ব থাকলে ভাল কিছু করা সম্ভব হয় না। তাই জনগণ ও পুলিশের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে।
তিনি বলেন, থানায় হয় দালাল থাকবে না হয় পুলিশ থাকবে। থানাকে দালালমুক্ত করাও কমিউনিটি পুলিশিংয়ের কাজ। এক্ষেত্রে কোনো ওসি যদি সহযোগিতা না করেন তবে তাকে বদলি করে দেয়া হবে।
শনিবার সিলেট পুলিশ লাইন মাঠে জেলা পুলিশ সুপার নূরে আলম মিনার সভাপতিত্বে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, পুলিশ মহান ব্রত নিয়ে দেশের জন্য কাজ করছে। কমিউনিটি পুলিশিং ফোরামের মাধ্যমে দুষ্টের দমন আর শিষ্টের পালন করতে হবে।
আইজিপি বলেন, নারী নির্যাতন, চুরি-ডাকাতি, ছিনতাই, অবক্ষয়, সামাজিক অস্থিরতা, মাদক, পরিবহন সেক্টরে অপরাধ কমিয়ে আনতে হলে কমিউনিটি পুলিশের বিকল্প নেই।
একেএম শহীদুল হক আরো বলেন দেশের জনগণ এখনো পুলিশ দেখলে ভয় পায়। তবে জনগণ ও পুলিশের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার কাজ চলছে। এ জন্য কমিউনিটি পুলিশিং জোরদার করা হচ্ছে।
তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে কমিউনিটিতে যে সমস্যা আছে সেগুলো সমাধান করতে হবে। পুলিশিং ফোরামের মাধ্যমে পুলিশ জনতা এক সাথে সমাজের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে। সমাজের সর্বস্তরের ভালো মানুষ নিয়ে পুলিশিং কমিটি করতে হবে। পুলিশিং কমিটিতে যদি কোন খারাপ লোক থাকে তাদেরকে বাদ দিতে হবে। আইজিপি আরো বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে কোন বিরোধকে বিচার করবেন না, দুই পক্ষকে নিয়ে বিরোধের নিস্পত্তি করবেন। দুই পক্ষ যদি রাজি না হয়, তা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দিবেন।
তিনি বলেন, কমিউনিটি পুলিশকে যদি গতিশীল করা যায় তাহলে জনগণের ভীতি কমে আসবে। কমিউনিটির কার্যক্রমে কোন ওসির উদাসীনতা থাকলে সংশ্লিষ্ট এসপিকে জানাবেন। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, শহীদ এসপি এম শামসুল হক এর সহধর্মিনী মাহমুদা হক চৌধীরী, সিলেট রেঞ্জের ডিআইজি মিজানুর রহমান পিপিএম, পুলিশ কমিশনার কামরুল আহসান, জেলা প্রশাসক শহিদুল ইসলাম,পুলিশ সুপার নূরে আলম মিনা, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর ডক্টর কবির চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুক উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দীকি, কউনিউনিটি পুলিশিং এর জেলা সেক্রেটারি সিরাজ উদ্দিন, জালালাবাদ কমিউনিটি পুলিশিং এর প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন জাহান ফাতেমা প্রমুখ।
