‘দেশবাসী বিএনপি-জামায়াতের বোমা সন্ত্রাসের বিরুদ্ধে’

আপডেট : ০৪ এপ্রিল ২০১৫, ২১:৪৬
 
 
 
 
 
 
 
 
 
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত সারা দেশে আগুন ও বোমা সন্ত্রাস চালিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিকে ব্যাহত করতে চেয়ছিল। কিন্তু দেশের জনগণ তা ব্যর্থ করে দিয়েছেন। দেশবাসী বিএনপি-জামায়াতের বোমা সন্ত্রাসের বিরুদ্ধে।’ শনিবার বিকালে সাতক্ষীরা জেলা ১৪ দল আয়োজিত শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘দেশে বাংলা ভাইয়ের মতো কোনো জঙ্গীর অস্তিত্ব না থাকলেও খালেদা জিয়াই এখন দেশের একমাত্র জঙ্গি।  খালেদা জিয়াকে দমন করতে পারলে দেশে আর কোনো জঙ্গির অস্তিত্ব থাকবে না।  তাই বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে খালেদা জিয়ার সাথে সংলাপের কোন সম্ভাবনা নেই। ২০১৯ সালের একদিন আগেও দেশে কোন জাতীয় নির্বাচন হবে না।
মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির হরতাল ও অবরোধ দেশের কোন মানুষ মেনে নেয়নি। আর এ জন্য তাদের হরতাল-অবরোধ দেশে কোথাও পালন হয়নি। শুধু তাই নয় তারা আতংক সৃষ্টি করলেও জনগন তাদের হরতালে সাড়া দেয়নি। তিনি বলেন, পাঁচ জানুয়ারি নির্বাচন হয়েছে বলেই দেশে গণতন্ত্র আছে। এ নির্বাচন না হলে দেশে সামরিক শাসন অসতো। তখন জেলায় কোন উন্নয়ন ও হতো না সাতক্ষীরায় মেডিক্যাল কলেজও হতো না। সিটি কর্পোরেশনের নির্বাচনে বিএনপির অংশ গ্রহণকে স্বাগত জানিয়ে খালেদা জিয়ার উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নির্বাচনে অংশগ্রহণ না করার ভুল সিদ্ধান্তের কারণে আপনি এখন কোথাও নেই, মাঠেও না সংসদেও না। জনগন আপনাকে প্রত্যাখ্যান করেছে। কারণ আপনি ২০১৪ সালের নির্বাচনের আগে মানুষকে পুড়িয়ে মেরে হত্যা করেছেন। ১ বছর পর আবার মানুষকে পেট্রোল বোমা মেরে পুড়িয়ে মারছেন। তাই জনগন আপনার কথায় আর হরতালে সাড়া দেয় না। বিএনপি নেত্রীর উদ্দেশে তিনি আরো বলেন, গণতন্ত্রের পথে আসুন। সিটি নির্বাচনে আসুন। দেখবো কেমনভাবে জেতেন। তবে সিটি নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবেন না। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সরকার কোন ধরনের হস্তক্ষেপ করবে না।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের চিকিত্সা খাতের উন্নয়নের জন্য সাতক্ষীরায় মেডিক্যাল কলেজ ও হাসপাতাল দিয়েছেন। যার সুফল এ অঞ্চলের মানুষ ভোগ করবে।’
অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ।