হরতাল নেই আজ সারাদেশে বিক্ষোভ করবে ২০ দল

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৩:১০

আজ রবিবার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের হরতাল থাকছে না। তার পরিবর্তে চলমান অবরোধের সঙ্গে সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে তারা।

গতকাল শনিবার বিএনপির যুগ্মমহাসচিব বরকত উল্লাহ বুলু ২০ দলের পক্ষে এক বিবৃতিতে এই কর্মসূচির কথা জানান। তিনি বলেন, বিএনপি’র অন্যতম যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদসহ ২০ দলীয় জোটের গুম করা সকল নেতাকর্মীকে অবিলম্বে সুস্থ ও অক্ষত অবস্থায় ফেরত দান, ২০ দলীয় জোটের কারান্তরীণ শীর্ষ নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তি এবং গণগ্রেফতারসহ মামলা-হামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা এবং নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে চলমান অবরোধের পাশাপাশি আজ রবিবার সারাদেশে জেলা, উপজেলা, থানা, পৌর এলাকা ও সকল মহানগরের থানায় থানায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হবে। বিএনপি এবং ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল শান্তিপূর্ণভাবে পালন করতে জোট নেতা বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।