ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে অন্তত ৪০ জনের আয়কর শনাক্ত নম্বর (টিআইএন) না থাকায় বা ভুল হওয়ায় তাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে। মেয়র, কমিশনার ও সংরক্ষিত মহিলা পদের বিপরীতে মনোনয়ন পত্র বাতিলকৃত ২৫০ জনের মধ্যে ৪২ জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে ঋণ খেলাপী হওয়ার কারণে।
নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তিন সিটি নির্বাচনের বাতিলকৃত প্রার্থীদের তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। এ বছরই প্রথম সিটি করপোরেশনসহ (ইউনিয়ন পরিষদ বাদে) স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে মনোনয়ন পত্রের সঙ্গে টিআইএন জমা দেয়া বাধ্যতামূলক করেছে নির্বাচন কমিশন।
টিআইএন নম্বর না থাকা বা ভুল হওয়ার কারণে মনোনয়ন পত্র বাতিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা উত্তর সিটির ১৮ নং ওয়ার্ডের এস এম হুমায়ুন কবীর, সংরক্ষিত মহিলা আসনের ১ নং ওয়ার্ডের মোসা. নিলুফা, ৪ নং ওয়ার্ডের জেবুন্নেছা, শামসুন নাহার, হূদি মাহমুদ, পেয়ারা মোস্তফা, ৮ নং ওয়ার্ডের জহুরা বেগম, ইয়াসমিন সাইদ, ঢাকা সিটি দক্ষিণের ১৩ নং ওয়ার্ডের আনজুমান আরা বেগম, খন্দকার আবদুর রব, ঢাকা দক্ষিণের সংরক্ষিত মহিলা আসনের ১ নং ওয়ার্ডের দিলারা বেগম, ১১ নং ওয়ার্ডের নাজমা বেগম, চট্টগ্রাম সিটির ১৭ নং ওয়ার্ডের শেখ নায়েম উদ্দিন, এনামুল হক।
আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ এর ১৮৪(এ) ধারা অনুসারে ১২ ডিজিটের টিআইএন (ট্যাক্সপেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার) সনদের কপি এবং আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৭৫(১)(ই) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট কর বছরের আয়কর রিটার্নের রসিদ দাখিল করতে হবে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী সম্প্রতি স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা, ২০১০ সংশোধন করেছে নির্বাচন কমিশন। মনোনয়ন পত্রে বিষয়গুলো সম্পৃক্ত করা হয়েছে। এবার প্রস্তাবকারী ও সমর্থনকারীকে ঘোষণা করতে হবে যে, তারা কেউ প্রস্তাবকারী বা সমর্থনকারী হিসাবে অন্য কোন মনোনয়ন পত্রে স্বাক্ষর দান করেননি।
ঋণ খেলাপের কারণে মনোনয়ন পত্র বাতিলকৃত প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র পদে প্রার্থিতায় ইচ্ছুক বাবুল সরদার চাখারী, কমিশনার পদে প্রার্থিতায় ইচ্ছুক ৩ নং ওয়ার্ডের মো. আফছার উদ্দিন, ১৩ নং ওয়ার্ডের জাহিরুল ইসলাম খান, মো. মনজুরুল হক, ১৫ নং ওয়ার্ডের আবুল খায়ের বাবলু, ৩২ নং ওয়ার্ডের জাকির হোসেন রনি, উত্তরের মেয়র প্রার্থী মো. নাঈম হাসান, কমিশনারদের মধ্যে ২ নং ওয়ার্ডের আব্দুস সালাম, ৩ নং ওয়ার্ডের আলী আহম্মদ, শাহ মান্না বেনারশী, জুয়েল রানা (৫ নং), রজজব হোসেন (৬ নং), মিজানুর রহমান (৭ নং), ৮ নং ওয়ার্ডের ফারুক আহমেদ, মোকলেছুর রহমান, এ কে এম জসিম উদ্দিন (১৭ নং ওয়ার্ড)।