মিরাবাজার স্কুলে জলাবদ্ধতা শিক্ষার্থীদের দুর্ভোগ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ০২:৩১

মওসুমের শুরুতেই অল্প বৃষ্টিতেই সিলেট মহানগরীর মিরাবাজার মডেল হাই স্কুলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। স্কুলের প্রবেশপথ, মাঠ ও বারান্দা জলমগ্ন হয়ে পড়ায় শিক্ষার্থীরা ভিজে স্কুল কক্ষে প্রবেশ করতে হচ্ছে। ফলে স্কুল ছুটি দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। স্কুলের আশ-পাশের ড্রেনেজ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় এ জলাবদ্ধতা সৃষ্টি হয়।

বৃহস্পতিবার থেমে থেমে বৃষ্টি হয় সিলেট নগরীতে। আর এই অল্প বৃষ্টিতেই মিরাবাজার মডেল হাই স্কুল পুরোপুরি জলাবদ্ধ হয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আশ-পাশের ড্রেনগুলো পরিষ্কার না থাকায় স্কুলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্কুলের প্রবেশপথ থেকে শুরু করে পুরো মাঠ জুড়ে হাঁটু পানি জমে আছে।
এমনকি ক্লাসের ভিতরেও পানি প্রবেশ করেছে। ড্রেনের ময়লা-আবর্জনা মিশ্রিত এ পানি ডিঙ্গিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে যাওয়া খুবই কষ্টকর তাই বাধ্য হয়ে স্কুল কর্তৃপক্ষ প্রথম ঘণ্টার পরই স্কুল ছুটি দিয়ে দেন।

এ ব্যাপারে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক পিয়ারা বেগম জানান, হাঁটু পানি ডিঙ্গিয়ে ছাত্র-ছাত্রীদের ক্লাসে যেতে হচ্ছে। পুরো মাঠ জুড়েই পানি। তিনি বর্ষা মওসুম শুরুর আগেই স্কুলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।