রাণীনগরে রেলের জায়গা দখল করে দোকান নির্মাণ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ০২:৩২

রাণীনগরে সরকারি বিধি-বিধান অমান্য করে রেলওয়ের জায়গা দখল করে বাঁশ, টিন ও ইটের আরসিসি পিলার দিয়ে প্রভাবশালী মহল গড়ে তুলেছে রাণীনগর স্টেশন নিউমার্কেট নামের মার্কেট।

চলছে পুকুর ভরাট করে ইট দিয়ে দোকান-ঘর নির্মাণের মহা উত্সব। ইতিমধ্যে অর্থের বিনিময়ে দোকান বরাদ্দ শুরু হয়েছে। রাণীনগর রেল স্টেশনের চারদিকে বিশেষ করে পশ্চিম-উত্তরদিকের এবং সান্তাহার-নাটোর বাইপাস মহাসড়কের দু’পাশের পুকুর ভরাট করে অবৈধভাবে এসব দোকানঘর নির্মাণের মহা উত্সব।
বছর তিনেক পূর্বে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের দখল করার মাধ্যমে শুরু হয় দখলের এই মহা উত্সব। এরই ধারাবাহিকতায় বর্তমানে বাইপাস রাস্তার দ’পাশের রেলের পুকুর মাটি দিয়ে ভরাট করে বাঁশ-টিনের বেড়া এবং ইটের আরসিসি পিলার দিয়ে চলছে দোকানঘর নির্মাণের কাজ। রেলওয়ের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় দিনের পর দিন বেড়েই চলেছে এই দখলের পরিধি।
রাণীনগর রেল স্টেশন মাস্টার আলহাজ্ব তছলিমউদ্দিন জানান, রেলের জায়গা দখল করে কিভাবে এসব দোকানঘর নির্মাণ করা হচ্ছে তা আমার জানা নেই। দোকানঘর নির্মাণ করা সম্পর্কে কেউ কোনদিন আমার কাছে কোন বিষয়ে জানতেও আসেনি।

সান্তাহার কান্ুনগো (এস্টেট) বিভাগের দায়িত্বরত কর্মকর্তা মো. জিয়াউল হক জানান, রাণীনগরে রেলের জায়গা দখল করে যেসব দোকানঘর নির্মাণ করা হচ্ছে তা সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি।