লক্ষ্মীপুরে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

আপডেট : ০৫ এপ্রিল ২০১৫, ১৪:৫১
 
লক্ষ্মীপুর সদর উপজেলার কাশিপুর এলাকায় যুবলীগ নেতা মনির হোসেনকে এলোপাতাড়ি গুলি করে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত নয়টার দিকে এই ঘটনা ঘটে। মনির বশিকপুর ইউনিয়নের কাশিপুর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও কাশিপুর গ্রামের রফিক ইসলামের ছেলে।
পুলিশ ও গুলিবিদ্ধ মনির হোসেনের ভাই আবদুল হক জানান, রাতে কাশিপুর এলাকায় একটি দোকানে চা খেয়ে বাড়ির দিকে যাওয়ার সময় পাটওয়ারী বাড়ি জামে মসজিদের কাছে পৌঁছলে সন্ত্রাসীরা মনির হোসেনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে মনির হোসেন গুরুতর আহত হলে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে রাত ১২টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বশিকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন জানান, মনির হোসেন কাশিপুর ওয়ার্ডের যুবলীগের সভাপতির দায়িত্বে আছেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানান।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির জানান, ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে।