রাজশাহী মহানগরীর বাখরাবাজ বেলঘড়িয়াপাড়ায় সংঘর্ষে মিঠুন (৩৪) নামে এক ব্যক্তি নিহত ও মোজাম্মেল (৪২) আরো একজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে আটটায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। মিঠুন একইপাড়ার একরামুল হকের ছেলে।
মতিহার থানার ওসি আবদুর রউফ জানান, মিঠুন ও মোজাম্মেলের পরিবারের মধ্যে একটি আম বাগান নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যার ঝড়ে ঐ আমবাগানে আম ও ডালপালা ঝরে পড়ে। সকলে মিঠুন সেখানে আম ও পাতা কুড়াতে গেলে প্রতিপক্ষ মোজাম্মেলের লোকজন বাধা দেয়। এসময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে মোজাম্মেলের লোকজন মিঠুনকে হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত মিঠুনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, মিঠুনের মৃত্যুর খবরে তার লোকজন মোজাম্মেলের ওপর হামলা করে। তাকেও আহত অবস্থায় রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়না তদন্ত শেষে মিঠুনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।
