নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে র্যাব ১১। আটককৃতরা ইয়াবা পাচারকারী চক্রের সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব।
নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর এএসপি আলেপউদ্দিন জানান, রবিবার দুপুরে তাদের একটি টিম সিদ্ধিরগঞ্জের মৌচাক নিমাইকাশারী এলাকা থেকে ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার ইব্রাহিমপুর গ্রামের শুক্কু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৪৫) ও কক্সবাজার জেলার টেকনাফ এলাকার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮)।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের মৌচাক সিএনজি পাম্পের পিছনে শফিকুল ইসলামের মালিকানাধীন একটি গাড়ির চাকা বিক্রির দোকান বাপ্পী ট্রেডার্স থেকে শফিকুল ইসলামকে আটক করা হয়। তার ব্যবহৃত ছাই রংয়ের এক্সকরোলা মডেলের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
এছাড়া সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকায় মনির মিয়ার বাড়ির ভাড়াটিয়া দেলোয়ারকে আটক করা হয়। পরে এ দুইজনের কাছ থেকে উদ্ধার করা হয় ৫০ হাজার পিস ইয়াবা। আটকরা শক্তিশালী মাদক সিন্ডিকেটের সদস্য।
শফিকুল ও দেলোয়ার কক্সবাজার এলাকা থেকে বড় পরিমাণ ইয়াবার চালান এনে নারায়ণগঞ্জ ও রাজধানীসহ এর আশপাশের এলাকায় পাইকারী সরবরাহ করে আসছে।
